বাংলাদেশ পর্যটন পুরস্কার পেল ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান

বাংলাদেশ পর্যটন পুরস্কার পেল ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান

সংগৃহীত

দেশের পর্যটন খাতের টেকসই উন্নয়ন, সেবার মানোন্নয়ন, উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ, নারী ও তরুণ উদ্যোক্তা এবং পর্যটন সংরক্ষণে অবদানের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’ পেয়েছে ১৬ ব্যক্তি, প্রতিষ্ঠান ও উদ্যোগ।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) উদ্যোগে এ পুরস্কারের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনয়ন দেওয়া হয়। পরে সরকারি-বেসরকারি অংশীজনদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড যাচাই-বাছাই শেষে ১৬টি ক্যাটাগরিতে বিজয়ী নির্বাচন করে।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও বাংলাদেশ পর্যটন পুরস্কার প্রদান অনুষ্ঠানে নির্বাচিতদের পুরস্কার তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

পুরস্কারের বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিতরা হলেন—
১. বর্ষসেরা টেকসই পর্যটন উদ্যোগ — Shakawath’s Six Control Point for Food Cost Optimization
২. বর্ষসেরা পাঁচ তারকা হোটেল—ইন্টারকন্টিনেন্টাল ঢাকা
৩. বর্ষসেরা চার তারকা হোটেল—হোটেল আগ্রাবাদ
৪. বর্ষসেরা তিন তারকা হোটেল—হানসা-এ প্রিমিয়াম রেসিডেন্স বাই ইউএইচটিপিএলসি
৫. বর্ষসেরা ইনবাউন্ড ট্যুর অপারেটর—দি বেঙ্গল ট্যুরস লিমিটেড
৬. বর্ষসেরা ডোমেস্টিক ট্যুর অপারেটর—শেয়ারট্রিপ লি.
৭. বর্ষসেরা বিনোদন পার্ক—ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স
৮. বর্ষসেরা তরুণ পর্যটন উদ্যোক্তা—বাংলাদেশ ইকো অ্যাডভেঞ্চার
৯. বর্ষসেরা হোমস্টে—চারুবালা হোমস্টে অ্যান্ড ট্যুরস
১০. বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর—আবু মোহাম্মদ সালাহউদ্দিন (সুমন)
১১. বর্ষসেরা পর্যটন প্রযুক্তিবিষয়ক উদ্যোগ—বিডি টিকিটস
১২. বর্ষসেরা পর্যটন নারী উদ্যোক্তা—নুরানী শারমিন আফরোজ
১৩. বর্ষসেরা ট্যুরিস্ট ভেসেল—এম ভি মালিশা
১৪. বর্ষসেরা ট্যুর গাইড—মো. সারোয়ার জাহান (মিঠু)
১৫. বর্ষসেরা মাইস উদ্যোগ—সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেড
১৬. বর্ষসেরা পর্যটন সাংবাদিকতা—নাঈম আবির।