৩১৮ শিক্ষার্থীর অংশগ্রহণে ঢাবিতে ক্ষুদে গবেষক সম্মেলন
সংগৃহীত
স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তুলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শুরু হয়েছে দিনব্যাপী ‘১১তম চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলন ২০২৬’। স্বেচ্ছাসেবী গবেষণা সংগঠন ‘চিন্তার চাষ’-এর আয়োজনে দেশের বিভিন্ন জেলা ও উপজেলার ৫৮টি স্কুলের ৭ম থেকে ১০ম শ্রেণির ৩১৮ জন শিক্ষার্থী এতে অংশ নিয়েছে। সম্মেলনে উপস্থাপন করা হচ্ছে ১২৮টি গবেষণাপত্র ও ধারণাপত্র।
শনিবার (৩ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)তে সম্মেলনের উদ্বোধন করা হয়। টিএসসিসহ বিশ্ববিদ্যালয়ের আটটি ভেন্যুতে এসব গবেষণাপত্র ও ধারণাপত্র উপস্থাপন করছেন শিক্ষার্থীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক উপমা কবির এবং দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেসের পরিকল্পনা সম্পাদক আসজাদুল কিবরিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘চিন্তার চাষ’-এর চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ শফিকুর রহমান।
স্বাগত বক্তব্যে সম্মেলনের আহ্বায়ক ও ‘চিন্তার চাষ’-এর পরিচালক জাহিদুল ইসলাম সম্মেলনের ধারাবাহিকতা ও আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ বলেন, “উচ্চশিক্ষায় গবেষণার উন্নয়নে ইউজিসি কাজ করে যাচ্ছে। আজকের আয়োজনে অংশ নেওয়া শিক্ষার্থীরাই আগামী দিনের গবেষক। তারা দেশের অগ্রগতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ক্ষুদে গবেষকদের দেখে তিনি আশাবাদী বলেও মন্তব্য করেন।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, স্কুলশিক্ষার্থীদের অংশগ্রহণে এ ধরনের আয়োজন তার কাছে আগে দৃশ্যমান হয়নি। দেশের উন্নতি ও অগ্রগতির যে স্বপ্ন দেখা হয়, ‘চিন্তার চাষ’-এর এ আয়োজনের মাধ্যমে ক্ষুদে গবেষকদের হাত ধরে তা বাস্তবায়িত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক উপমা কবির বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানুষের বুদ্ধিবৃত্তিক সক্ষমতার ওপর নির্ভরতা কমিয়ে দিচ্ছে। প্রযুক্তির অগ্রযাত্রার মধ্যেও মৌলিক গবেষণার চর্চা অব্যাহত রাখা প্রয়োজন।” মৌলিক গবেষণার মাধ্যমেই এ ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেসের পরিকল্পনা সম্পাদক আসজাদুল কিবরিয়া বলেন, “‘চিন্তার চাষ’-এর সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে যুক্ত। তার প্রজন্মে এ ধরনের সুযোগ পাওয়া বা দেখার সুযোগ ছিল না। বর্তমান প্রজন্ম যে সুযোগ পাচ্ছে, তার মাধ্যমে তাদের উৎকর্ষ সাধনে ‘চিন্তার চাষ’ ভূমিকা রাখছে।”
সভাপতির বক্তব্যে ‘চিন্তার চাষ’-এর চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ শফিকুর রহমান বলেন, “স্কুল পর্যায়ে গবেষণার চর্চা ছড়িয়ে দিতে সংগঠনটির এ কার্যক্রম ১১ বছরের ধারাবাহিকতায় এগিয়ে চলছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। এ প্রজন্মের শিক্ষার্থীরা সক্ষমতা ও সৃজনশীলতার পরিচয় দিচ্ছে।” ক্ষুদে গবেষকদের নিয়ে তিনি আশাবাদী।