রেসিপি : মুচমুচে চিলি ফুলকপি
ছবিঃ সংগৃহীত।
ফুলকপি দিয়ে একই ধরনের রান্না খেতে খেতে একঘেয়ে লাগছে? তাহলে স্বাদে আনুন একটু ঝাল-মিষ্টি চমক।মুচমুচে ভাজা ফুলকপির সঙ্গে ঝাল সস, টক-মিষ্টি স্বাদ আর ক্যাপসিকামে তৈরি চিলি ফুলকপি হতে পারে বিকালের নাশতা কিংবা অতিথি আপ্যায়নের জমজমাট আয়োজন। রান্নাটিও সহজ, অথচ স্বাদে একেবারেই রেস্তোরাঁর মতো।
উপকরণ
মাঝারি আকারের ফুলকপি ১টি, ক্যাপসিকাম ১টি, কাঁচা মরিচ ২–৩টি, কর্নফ্লাওয়ার ৪ টেবিল চামচ, ময়দা ২ টেবিল চামচ, সয়া সস ১ টেবিল চামচ, টমেটো সস ৩ টেবিল চামচ, চিলি সস ২ টেবিল চামচ, ভিনিগার ১ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ, স্প্রিং অনিয়ন ২ টেবিল চামচ, লবণ ও তেল পরিমাণমতো।
প্রণালি
ফুলকপি ছোট ছোট টুকরো করে লবণ ও সামান্য হলুদ দিয়ে গরম পানিতে ৩–৪ মিনিট সেদ্ধ করে পানি ঝরিয়ে ভালোভাবে শুকিয়ে নিন। এরপর কর্নফ্লাওয়ার, ময়দা, লবণ, গোলমরিচ ও অল্প পানি দিয়ে ঘন মিশ্রণ তৈরি করে ফুলকপির টুকরোগুলো তাতে মাখিয়ে নিন।
কড়াইতে তেল গরম করে ফুলকপিগুলো সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে তুলে রাখুন। একই কড়াইতে সামান্য তেল দিয়ে কাঁচা মরিচ ও ক্যাপসিকাম অল্প ভেজে নিন। এবার সয়া সস, টমেটো সস, চিলি সস, ভিনিগার, চিনি ও সামান্য পানি দিয়ে ভালোভাবে নেড়ে সস তৈরি করুন।
সস ঘন হয়ে এলে ভাজা ফুলকপি দিয়ে ভালোভাবে মিশিয়ে ২–৩ মিনিট নেড়ে চুলা বন্ধ করে দিন। ওপর থেকে কুচি করা পেঁয়াজপাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন মুচমুচে ও ঝাল-মিষ্টি স্বাদের চিলি ফুলকপি।