দুর্গাপূজায় গুজব-উসকানির বিষয়ে সতর্ক থাকতে হবে: এসপি মাসুদ

দুর্গাপূজায় গুজব-উসকানির বিষয়ে সতর্ক থাকতে হবে: এসপি মাসুদ

পুলিশ সুপার মো. মাসুদ আলম/ছবি: চট্টগ্রাম জেলা পুলিশ

আসন্ন শারদীয় দুর্গাপূজায় গুজব-উসকানির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।

শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে চট্টগ্রাম জেলা পুলিশের মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

রোববার (৪ অক্টোবর) জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে আয়োজিত সভায় জেলার ১৭টি থানার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও জেলা পর্যায়ের নেতারা অংশ নেন।

এসপি মো. মাসুদ আলমের সভাপতিত্বে সভায় বাংলাদেশ আনসার ও ভিডিপি চট্টগ্রামের জেলা কমান্ড্যান্ট মো. সেফাউল হোসেন, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এবং পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, ভক্তদের নির্বিঘ্ন চলাচল, নারী ও শিশুদের বিশেষ নিরাপত্তা, সিসি ক্যামেরা স্থাপন ও সচল রাখা, পর্যাপ্ত আলোকসজ্জা ও বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং অগ্নিনিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

এছাড়া জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশ ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

পূজা উদযাপন পরিষদের নেতাদের সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক তথ্যের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। কোনো তথ্য যাচাই ছাড়া প্রচার বা শেয়ার না করতে এবং গুজব বা বিভ্রান্তিকর কোনো তথ্য নজরে এলে তা দ্রুত পুলিশকে জানাতে বলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম।

সভায় নারী ভক্তদের যে কোনো সমস্যা দ্রুত শনাক্ত ও সমাধানে কার্যকর ব্যবস্থা এবং শিশুদের জন্য বিশেষ সহায়তা রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে বিভিন্ন ধর্ম, শ্রেণি-পেশা ও সামাজিক প্রতিনিধিদের সমন্বয়ে সম্প্রীতি কমিটি গঠনের পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় মসজিদের ইমাম, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় মাইক ব্যবহারে নির্ধারিত শব্দমাত্রা ও সময়সীমা মেনে চলার জন্য অনুরোধ করা হয়। পাশাপাশি পার্শ্ববর্তী মসজিদে আজান ও নামাজের সময় বিশেষ সতর্কতা ও সংবেদনশীলতা অবলম্বনের আহ্বান জানানো হয়।

সভায় বলা হয়, কোনো ছোটখাটো বিরোধ যেন বড় ঘটনায় রূপ না নেয়, সেজন্য সংশ্লিষ্ট সবাইকে দ্রুত সমন্বিত উদ্যোগ নিতে হবে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় আইন নিজের হাতে না নিয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয়।

মতবিনিময় সভায় বিভিন্ন থানা থেকে আসা পূজা উদযাপন পরিষদের নেতারা নিজ নিজ এলাকার পূজামণ্ডপের নিরাপত্তা, সম্ভাব্য সমস্যা ও স্থানীয় পরিস্থিতি তুলে ধরেন। তাদের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় জেলা পুলিশ।

শারদীয় দুর্গাপূজা শান্তি, সম্প্রীতি, নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে পূজা উদযাপন পরিষদ, পূজারী, ভক্ত, স্বেচ্ছাসেবক ও সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।