মঙ্গলবার লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি
ফাইল ছবি
বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে আগামী মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকা জেলার সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি করা হবে। রবিবার (৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইন মন্ত্রণালয়ের এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঢাকা জেলার সাব-রেজিস্ট্রি অফিসগুলোর জন্য নির্ধারিত পদগুলোতে দেশের বিভিন্ন জেলার সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত সাব-রেজিস্ট্রারদের মধ্যে থেকে লটারির মাধ্যমে বদলি করা হবে। এই কার্যক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান উপস্থিত থাকবেন।
জনসাধারণের সম্পত্তি নিবন্ধন-সংক্রান্ত সেবা আরও সহজ, সুশৃঙ্খল ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে সাব-রেজিস্ট্রি অফিসগুলোর কার্যক্রমে প্রয়োজনীয় প্রশাসনিক সংস্কার ও শৃঙ্খলা নিশ্চিত করতে লটারির মাধ্যমে বদলি কার্যক্রম চালু করা হচ্ছে।