কেরানীগঞ্জে মাদক ও জুয়ার বিরুদ্ধে সচেতনতামূলক সেমিনার

কেরানীগঞ্জে মাদক ও জুয়ার বিরুদ্ধে সচেতনতামূলক সেমিনার

ছবি: সংগৃহীত

মাদক, কিশোর গ্যাং, সাইবার অপরাধ, অনলাইন জুয়া ও বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সচেতনতামূলক সেমিনার করেছে ঢাকা জেলা পুলিশ। রবিবার (৪ অক্টোবর) দুপুরে তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।

সেমিনারে পুলিশ সুপার বলেন, মাদকাসক্তি, কিশোর গ্যাং, সাইবার অপরাধ, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। এসব অপরাধ থেকে নিজেদের দূরে রাখার পাশাপাশি পরিবার, বন্ধু ও আশপাশের মানুষকেও সচেতন করতে হবে।

তিনি শিক্ষার্থীদের প্রযুক্তির নিরাপদ ও ইতিবাচক ব্যবহার, অনলাইন জগতে সতর্কতা এবং নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। কোনো ধরনের অপরাধ বা হয়রানির শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পরামর্শ দেন তিনি।
এসপি শামীমা পারভীন বলেন, সচেতন ও মেধাবী তরুণ প্রজন্মই একটি নিরাপদ, মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই শিক্ষার্থীদের এখন থেকেই সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

সেমিনারে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস অ্যান্ড ট্রাফিক-দক্ষিণ) তরিকুল ইসলাম, কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিলুল হক, দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেনসহ পুলিশের কর্মকর্তারা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।