তুমব্রু সীমান্তে ২২ কোটি টাকার ইয়াবা উদ্ধার
ছবি: সংগৃহীত
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪ লাখ ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২২ কোটি টাকা।
রবিবার (৪ অক্টোবর) ভোরে তুমব্রু বিওপির বিশেষ টহলদল সীমান্তের প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।
৩৪ বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান বাংলাদেশে প্রবেশের খবর পেয়ে বিশেষ টহলদল ওই এলাকায় অবস্থান নেয়। ভোর সাড়ে ৪টার দিকে থার্মাল ইমেজারের মাধ্যমে কয়েকজন চোরাকারবারির গতিবিধি শনাক্ত করা হয়। বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে চোরাকারবারিরা মালামাল ফেলে পানির মধ্য দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে লুঙ্গিতে মোড়ানো তিনটি ব্যাগ থেকে ৪ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম কায়রুল আলম জানান, উদ্ধার করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্তে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।