কুড়িগ্রামে পূজা উদযাপন কমিটির সঙ্গে পুলিশের মতবিনিময়
ছবি: সংগৃহীত
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুশৃঙ্খল, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কুড়িগ্রাম জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বির সভাপতিত্বে সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, এ বছর জেলার ১১টি থানার আওতাধীন মোট ৫৬৩টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদর উপজেলায় ৮২টি, রাজারহাটে ১৩১টি, উলিপুরে ১২৫টি, নাগেশ্বরীতে ৭৫টি, ফুলবাড়ীতে ৭৮টি, ভূরুঙ্গামারীতে ১৬টি, কচাকাটায় ১৭টি, চিলমারীতে ২৮টি, চর রাজিবপুরে ১টি, রৌমারীতে ৯টি এবং ঢুষমারা থানায় ১টি পূজামণ্ডপ রয়েছে।
সভায় আরও জানানো হয়, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং পূজার কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে।
এ ছাড়া যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও উসকানিমূলক তথ্য প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়। শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদযাপনে জেলা পুলিশ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করার অনুরোধ জানানো হয়।
নিরাপত্তা নিশ্চিত করতে জেলার সব পূজামণ্ডপকে সিসিটিভির আওতায় আনার জন্য পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান পুলিশ সুপার।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, সহকারী পুলিশ সুপার সদর সার্কেল মাসুদ রানা, সহকারী পুলিশ সুপার ভূরুঙ্গামারী সার্কেল মুনতাসির মামুন মুন, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার রাসেল কবীর, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন থানার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।