ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথে নিরাপত্তা নিশ্চিতে সচেতনতামূলক সমাবেশ
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ ও ট্রেনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং যাত্রীদের সুরক্ষায় সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ অক্টোবর) সিলেট রেলওয়ে জেলার উদ্যোগে এবং ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ি এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বক্তারা বলেন, রেলপথ ও ট্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সাধারণ যাত্রী ও স্থানীয় জনগণের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রেনে পাথর নিক্ষেপ, চলন্ত ট্রেনে চেইন পুলিং, ইঞ্জিন ও ছাদে ভ্রমণসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডের কারণে প্রতিনিয়ত বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এসব অনাকাঙিক্ষত ও ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড প্রতিরোধে সমাজের সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
সমাবেশে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ আলম, সামাজিক সংগঠন ‘তরী বাংলাদেশ’ এর সদস্য সোহেল রানা ভূইয়া এবং ‘ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া’ এর আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজী।
বক্তারা তাদের বক্তব্যে মাদক ও চোরাচালান প্রতিরোধ, জঙ্গিবাদবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং রেলপথে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণ, যাত্রী ও বিভিন্ন সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সমাবেশ থেকে রেলযাত্রী ও স্থানীয় বাসিন্দাদের যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার অনুরোধ জানানো হয়। একই সাথে একটি নিরাপদ ও স্বস্তিদায়ক রেলযাত্রা নিশ্চিত করতে সবাইকে যার যার অবস্থান থেকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
সমাবেশে স্থানীয় ব্যক্তিবর্গ, সাধারণ যাত্রী ও রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।