ইছামতী নদীতে গোসলে নেমে নারী নিখোঁজ
প্রতিকি ছবি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইছামতী নদীতে গোসল করতে নেমে হাবিবার রহমান বাবলী (৪৮) নামে এক নারী নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে অভিযান চালাচ্ছে। রবিবার (৪ অক্টোবর) বিকেল পর্যন্ত অভিযান চলছিল।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রবিবার দুপুর ২টা ৩৪ মিনিটে সিরাজদিখান ফায়ার স্টেশনে খবর আসে, উপজেলার মালখানগর ইউনিয়নের ফেগুনাসার গ্রামের গুদারা ঘাট এলাকায় তিন বান্ধবী ইছামতী নদীতে গোসল করতে নেমেছেন। গোসলের একপর্যায়ে নদীর তীব্র স্রোতে ভেসে গিয়ে হাবিবার রহমান বাবলী নিখোঁজ হন। এ সময় অপর দুই নারী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।
খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে ডুবুরি অভিযান শুরু করে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, নিখোঁজ বাবলীসহ তিন বান্ধবীই ঢাকার বাসিন্দা। তারা সিরাজদিখানে বান্ধবী চামেলির বাড়িতে বেড়াতে এসেছিলেন। পরে তারা ইছামতী নদীর গুদারা ঘাটে গোসল করতে নামেন। সেখানেই স্রোতের টানে বাবলী নিখোঁজ হন।
তিনি আরও জানান, নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার অভিযান ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তবে নিখোঁজ নারীকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।