বাসের ধাক্কায় প্রাণ গেল রিকশাযাত্রী তৃতীয় লিঙ্গের ব্যক্তির
সংগৃহীত ছবি
মানিকগঞ্জের সদরে অজ্ঞাত যাত্রীবাহী বাসের ধাক্কায় বর্ষা (৪৫) নামে তৃতীয় লিঙ্গের রিকশার এক যাত্রী নিহত হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর সেতুর পশ্চিম পাশে রিকশায় করে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
এসময় কেয়া মনি (২৫) নামে আরেকজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। প্রাথমিকভাবে নিহত বর্ষা ও আহত কেয়া মনির বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। তারা মানিকগঞ্জ পৌর শহর এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে পুলিশ নিশ্চিত করেছেন।
গোলড়া হাইওয়ে পুলিশ জানায়, সন্ধ্যার দিকে রিকশায় করে ঢাকাগামী লেন দিয়ে গোলড়া অভিমুখে যাওয়ার সময় পাশ দিয়ে যাওয়া একটি অজ্ঞাত যাত্রীবাহী বাস রিকশাটিকে ধাক্কা দেয়।
এতে ওই ব্যক্তি মহাসড়কে ছিটকে পড়েন। এসময় তার মাথায় চাপা দিয়ে বাসটি পালিয়ে যায়। প্রাথমিকভাবে সঙ্গে থাকা কেয়া মনি বাসটি নীল রঙের বলে চিহ্নিত করেন। তার ভাষ্য অনুযায়ী পুলিশ জানায়, গাড়িটি সেলফি পরিবহনের হতে পারে।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মাতুব্বার বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাগীর এলাকায় জাগীর সেতুর ওপর সড়ক দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে গোলড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত রিকশাটি থানায় আনা হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া প্রাথমিকভাবে, ঘাতক গাড়িটি শনাক্তের জন্য সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। অপর দিকে আহত কেয়া মনিকে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।