৬ দিন বন্ধ থাকছে ১৯ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা

৬ দিন বন্ধ থাকছে ১৯ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা

ছবি: সংগৃহীত

সিস্টেম মাইগ্রেশন ও প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণের কারণে দেশের ১৯টি ব্যাংকের কার্ড, এটিএম, পিওএসসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রায় ছয় দিন সাময়িকভাবে বন্ধ থাকবে। 

ব্যাংকগুলোর বিজ্ঞপ্তি অনুযায়ী, কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত এসব ব্যাংকের নির্দিষ্ট কিছু কার্ড ও লেনদেন সেবা বন্ধ থাকবে।

এ সময়ে ব্যাংকগুলোর এটিএম, কার্ড, পিওএস, এনপিএসবি, ই-কমার্স ও কিউআর সেবা ব্যবহার করা যাবে না। ফলে গ্রাহকরা এটিএম থেকে টাকা তোলা, কার্ডের মাধ্যমে কেনাকাটা এবং কিউআর কোডে লেনদেন করতে পারবেন না।

একইসঙ্গে এনপিএসবি ও ই-কমার্সের মাধ্যমে লেনদেনও সাময়িকভাবে বন্ধ থাকবে। সিস্টেম মাইগ্রেশন ও রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে এসব সেবা স্বাভাবিকভাবে চালু হবে বলে ব্যাংকগুলোর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

যেসব ব্যাংক সেবা বন্ধের বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সেগুলো হলো— ব্যাংক এশিয়া, বাংলাদেশ কৃষি ব্যাংক, জনতা ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, কমিউনিটি ব্যাংক, যমুনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মেঘনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মধুমতি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনআরবিসি ব্যাংক, এনসিসি ব্যাংক, রূপালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সীমান্ত ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও উত্তরা ব্যাংক।

প্রযুক্তিগত সক্ষমতা ও নিরাপত্তা বাড়াতে সিস্টেম উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে এসব কার্যক্রম নেওয়া হয়েছে। সেবা সাময়িক বন্ধ থাকায় গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে ব্যাংকগুলো।