যশোরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

যশোরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

প্রতিকি ছবি

যশোরের চৌগাছায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় এক যুবক (আনুমানিক বয়স ৪৫) নিহত হয়েছেন।

সোমবার ভোরে উপজেলার বাঘারদাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তিনি মারা যান।

স্থানীয়রা জানান, ভোর ৪টার দিকে স্বরূপদাহ ইউনিয়নের বাঘারদাড়ি গ্রামের সেকেন্দার আলীর ছেলে ইদ্রিস আলীর বাড়িতে তিনজন ব্যক্তি প্রবেশ করে গোয়ালঘরের তালা ভাঙার চেষ্টা করেন। টের পেয়ে ইদ্রিস আলী চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে যান এবং তিন ব্যক্তিকে ধাওয়া করেন। ধাওয়ার মুখে দু’জন পালিয়ে গেলেও একজনকে ধরে ফেলে স্থানীয় লোকজন পিটুনি দেন। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে চৌগাছা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তিনি মারা যান।

চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ বলেন, চোর সন্দেহে গণপিটুনির শিকার একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার পরিচয় এখনো শনাক্ত হয়নি। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহায়তায় পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।