সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৫

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৫

প্রতিকি ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় দুইজন, মাদকসেবী ১৩ জন, পরোয়ানাভুক্ত তিনজন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় একজন এবং ডাকাতির প্রস্তুতি মামলায় ছয়জনসহ মোট ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সোনারগাঁ থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক পিপিএমের নেতৃত্বে পুলিশের একাধিক দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, অভিযানে মাদকসেবী হিসেবে রাব্বি (১৮), সানি (২৩), সুমন (১৮), সুজা (২৫), সুমন মিয়া (২৬), হৃদয় হোসেন (২২), সোহাগ (৩২), বাবু (৪৫), কাশেম (৪৫), আক্তার হোসেন (৫০), রবিউল হোসেন (২২), নাফিজ ইসলাম (২৫) ও সাইফ আল ফাহাদ (২১)কে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া মাদক মামলায় আসাদুজ্জামান নুর ওরফে আসাদ (৪২) ও শান্ত আহম্মদ রানা (২৪)কে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কামাল হোসেন (৪৭) এবং ডাকাতির প্রস্তুতি মামলায় পারভেজ (৩৬), প্রান্ত (২৮), রোহান (২২), ডালিম (৪৮), নাজমুল (২৮) ও অন্তর (২৪)কে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে পরোয়ানাভুক্ত আসামি হিসেবে মুন্না (৩৪), বদরুজ্জামান এরশাদ ওরফে বদরু এবং মো. মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক জানান, গ্রেপ্তার ২৫ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।