লালমনিরহাটে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

লালমনিরহাটে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

প্রতিকি ছবি

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এক মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত ব্যবসায়ী রিদু মিয়া রবিবার রাতে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

রিদু মিয়া উপজেলার পলাশী ইউনিয়নের পূর্ব তালুক পলাশী গ্রামের মৃত মেছের আলীর ছেলে। অভিযোগে পলাশী ইউনিয়নের মহিষাশহর গ্রামের মমিনুর রহমান, মিজানুর রহমান ও সাগর আলীর নাম উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার রাতে স্থানীয় নামুড়ি বাজারে মাছ বিক্রি শেষে বাড়ি ফিরছিলেন রিদু মিয়া। পথে ম্যালম্যালি বাজার এলাকায় আগে থেকে ওত পেতে থাকা অভিযুক্তরা তাঁর পথরোধ করেন। পরে তাঁকে মারধর ও ছুরিকাঘাত করে পকেটে থাকা ব্যবসার ৪৬ হাজার ৭৬০ টাকা নিয়ে পালিয়ে যান। স্থানীয় লোকজন আহত অবস্থায় রিদু মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অভিযুক্ত মিজানুর রহমান মুঠোফোনে বলেন, ‘ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে রিদু মিয়ার মাথা ফেটে গেছে বলে শুনেছি। তবে টাকা ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটেনি।’ এর বাইরে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’