কাশিমপুর কারাগার পরিদর্শনে গাজীপুরের জেলা প্রশাসক

কাশিমপুর কারাগার পরিদর্শনে গাজীপুরের জেলা প্রশাসক

ছবি: সংগৃহীত

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেছেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূইয়া। সোমবার পরিদর্শনকালে বন্দীদের সার্বিক পরিস্থিতি, মানবিক সমস্যা ও কারাগারের ব্যবস্থাপনা নিয়ে খোঁজখবর নেন তিনি। এসময় কারাগারে বন্দি থাকা বিভিন্ন গুণী শিল্পীর সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক। কারাগারে বন্দীদের বিনোদনের জন্য যারা নিয়মিত গান পরিবেশন করেন, তাদের উৎসাহ দিতে এরকম ১৬জন বন্দির হাতে উপহার হিসেবে পায়জামা ও পাঞ্জাবি তুলে দেন তিনি। 

এ সময় বন্দী শিল্পী মুজিব পরদেশীকেও একই ধরণের উপহার দেন জেলা প্রশাসক। পরে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার ও কারাগারের অন্যান্য কর্মকর্তাদের সাথে কথা বলেন। 

কারাগারে থাকা বিভিন্ন বন্দীর সঙ্গে সরাসরি কথা বলে তাদের পারিবারিক, চিকিৎসাসহ নানা সমস্যার কথা শোনেন জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূইয়া। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

বন্দীদের মানবিক বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখার পাশাপাশি কারাগারের সার্বিক পরিস্থিতি নিয়েও খোঁজ নেন জেলা প্রশাসক। এসময় কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুন এবং জেলার মো. জাকির হোসেন এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আরিফুর রহমান উপস্থিত ছিলেন।