মুন্সীগঞ্জে ২৪ মামলার আসামি ৩০০ ইয়াবাসহ গ্রেফতার

মুন্সীগঞ্জে ২৪ মামলার আসামি ৩০০ ইয়াবাসহ গ্রেফতার

প্রতিকি ছবি

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদক, হত্যা, অস্ত্র ও মারামারিসহ ২৪ মামলার আসামি মনির হোসেন ওরফে ‘গাঁজা মনির’কে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার বিকেল ৪টা ১০ মিনিটে সদর উপজেলার ডিঙ্গাভাঙ্গা এলাকায় শহীদ দেওয়ানের বাড়ির সামনের কাঁচা সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই রাশেদ মুন্সীর নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় ডিঙ্গাভাঙ্গা গ্রামের মৃত সবুর মণ্ডলের ছেলে মনির হোসেনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মনির হোসেনের বিরুদ্ধে মাদক, হত্যা, অস্ত্র ও মারামারিসহ বিভিন্ন অভিযোগে মোট ২৪টি মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, চুরি, ছিনতাই ও ডাকাতির বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।