‘যেভাবে ব্যাটিং করছি, মনে হচ্ছে আমি ফর্মে আছি’

‘যেভাবে ব্যাটিং করছি, মনে হচ্ছে আমি ফর্মে আছি’

ছবি: সংগৃহীত

মাস খানেক আগে বিসিবির কোনো প্রোগ্রামে ছিলেন না আকবর আলী। ঠিক কি কারণে ছিলেন না সেটা এখনো অজানা। তবে চলমান এনসিএল দিয়ে আবারো ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন এই ব্যাটার। প্রথম ম্যাচেই দলের হার এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন তিনি। তার ব্যাটে ভর করে ড্র করেছে রংপুর। 

ম্যাচ শেষে গণমাধ্যমকে আকবর বলেন, 'আমি যখন ব্যাটিংয়ে নেমেছিলাম, আমাদের আসলে ম্যাচ জেতার কোনো সুযোেগ ছিল না। তো, দুই ঘণ্টা ব্যাটিং করতে হতো, নাহলে হারার একটা সুযোগ তৈরি হলেও হতে পারত। ব্যাটিং ইনিংসে চেষ্টা ছিল শুধু দুই ঘণ্টা, আড়াই ঘণ্টা ব্যাটিং করতে হবে।'

'আমি গত এক বছর ধরে যেভাবে ব্যাটিং করছি, আমার কাছে মনে হচ্ছে যে আমি ফর্মের বাইরে নেই। ঢাকা প্রিমিয়ার লিগটা আমার খুব ভালো যায়নি, আমার নিজের প্রত্যাশা অনুযায়ী ভালো যায়নি। কিন্তু এর আগে যদি বলেন এনসিএল বা বিসিএল, ওয়ানডে বিসিএল, চার দিনের। সব মিলিয়ে আমি বলব না যে আমি ফর্মের বাইরে আছি।'-যোগ করেন তিনি। 

দলের এমন সময়ে ব্যাটিং উপভোগ করেন আকবর, 'আমি ওই সময়টা একটু উপভোগ করি, চ্যালেঞ্জটা উপভোগ করি, এটুকু বলতে পারি। আর আনন্দিত যে ওই কঠিন মুহূর্তটা থেকে ওই সময়টা থেকে আমরা দল হিসেবে বের হতে পেরেছি।'

'শুধু ইংল্যান্ড না, আমি যেখানেই খেলি না কেন, এমনকি আপনি যদি আপনার এলাকাতেও খেলেন, যেমন রংপুরেও যদি কোনো লিগে খেলেন, ওই ম্যাচের অভিজ্ঞতা বা ওই ম্যাচের পরিস্থিতি আপনাকে একজন খেলোয়াড় হিসেবে গড়ে উঠতে সাহায্য করে।'-যোগ করেন তিনি।