রেস ম্যানেজমেন্টকে ৫ লাখ টাকা জরিমানা
ফাইল ছবি
সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বাংলাদেশ রেস ম্যানেজমেন্টকে ৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি)। নিয়ম মেনে নির্ধারিত সময়ে ২০২২ ও ২০২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী দাখিল করতে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করেছে কমিশন।
সম্প্রতি জারি করা এনফোর্সমেন্ট আদেশে এ সিদ্ধান্ত জানিয়েছে কমিশন।
আদেশে বলা হয়েছে, সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১-এর বিধি ৩৩(৩) অনুযায়ী সম্পদ ব্যবস্থাপককে প্রতিটি হিসাব বছরের নিরীক্ষিত হিসাব বছর শেষ হওয়ার তিন মাসের মধ্যে কমিশন, ট্রাস্টি ও হেফাজতকারীর কাছে দাখিল করতে হয়। কিন্তু রেস ম্যানেজমেন্ট ৩০ জুন ২০২২ ও ৩০ জুন ২০২৩ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী নির্ধারিত সময়ে দাখিল করতে ব্যর্থ হয়েছে।
এ ঘটনায় বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগ প্রতিষ্ঠানটিকে ২২ জুন কারণ দর্শানো ও শুনানিতে উপস্থিত হতে বলে। পরে রেস ম্যানেজমেন্টের আবেদনের পর শুনানির তারিখ ২৭ জুলাই নির্ধারণ করা হয়। ওই শুনানিতে কোম্পানির পক্ষে ইভিপি ও সিইও (চলতি দায়িত্ব) এ কে এম মামুনুর রশীদ এবং ভাইস প্রেসিডেন্ট ও প্রধান হিসাব কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম উপস্থিত হন।
লিখিত জবাবে রেস ম্যানেজমেন্ট জানায়, তাদের ব্যবস্থাপনায় থাকা মিউচুয়াল ফান্ডগুলোর নিরীক্ষিত আর্থিক বিবরণী নিয়মিত দাখিল করা হয়েছে। গত পাঁচ অর্থবছরে তারা এসব ফান্ডের মোট ৫৭টি নিরীক্ষিত আর্থিক বিবরণী কমিশনে জমা দিয়েছে। এসব ফান্ডের মধ্যে রয়েছে ইবিএল ফার্স্ট, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট, আইএফআইসি ব্যাংক ফার্স্ট, ফার্স্ট জনতা ব্যাংক, এক্সিম ব্যাংক ফার্স্ট, পপুলার লাইফ ফার্স্ট, পিএইচপি ফার্স্ট, ইবিএল এনআরবি, এবি ব্যাংক ফার্স্ট, রেস ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ইউনিট ফান্ডসহ আরো কয়েকটি ফান্ড।
প্রতিষ্ঠানটির যুক্তি ছিল, ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততা বিধিমালা, ২০১৯ অনুযায়ী রেস ম্যানেজমেন্ট ‘ক্যাটাগরি-৩’ সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান। স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারের তুলনায় এএমসির ব্যবস্থাপনায় থাকা সম্পদ ব্যালান্স শিটের বাইরে থাকে। ফলে বিধি ৩৩ এএমসির নিজস্ব নিরীক্ষিত আর্থিক বিবরণীর ক্ষেত্রে প্রযোজ্য নয়।
তবে রেস ম্যানেজমেন্টের এসব ব্যাখ্যা গ্রহণ করেনি কমিশন। বিএসইসির মতে, নির্ধারিত সময়ে ২০২২ ও ২০২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী দাখিল না করায় প্রতিষ্ঠানটি বিধি ৩৩(৩) লঙ্ঘন করেছে। এ কর্মকাণ্ড বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ধারা ১৮ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
এর পরিপ্রেক্ষিতে শেয়ারবাজারের শৃঙ্খলা, স্বচ্ছতা ও জনস্বার্থে বিএসইসি আইন, ১৯৯৩-এর ধারা ১৮-এর ক্ষমতাবলে রেস ম্যানেজমেন্টকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আদেশ জারির ৩০ দিনের মধ্যে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে কমিশনের অনুকূলে এ অর্থ জমা দিতে হবে। নির্ধারিত সময়ে অর্থ পরিশোধ না করলে সিকিউরিটিজ আইন অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।