বিশ্ব বসতি দিবসের মেলায় টেকসই আবাসনের প্রযুক্তি দেখাচ্ছে ওয়ালটন

বিশ্ব বসতি দিবসের মেলায় টেকসই আবাসনের প্রযুক্তি দেখাচ্ছে ওয়ালটন

সংগৃহীত

বিশ্ব বসতি দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত এবারের মেলায় আবাসনকে শুধু ভবন নির্মাণের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিরাপদ, জ্বালানি-সাশ্রয়ী ও প্রযুক্তিনির্ভর করে তোলার নানা সমাধান তুলে ধরছে দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। ৫, ৬ ও ৭ অক্টোবরের আয়োজনে প্রতিষ্ঠানটির স্টলে বিশেষ গুরুত্ব পাচ্ছে ব্যাটারি ও এনার্জি স্টোরেজ, এয়ার কন্ডিশনার, লিফট এবং সৌরবিদ্যুৎভিত্তিক প্রযুক্তি।

বিশেষ করে ওয়ালটনের সোলার ব্র্যান্ড সানবাইট এবারের প্রদর্শনীতে আলাদা গুরুত্ব পাচ্ছে। সৌরবিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বিদ্যুৎ সংরক্ষণ ও প্রয়োজনের সময়ে ব্যবহারের জন্য সানবাইটের এনার্জি স্টোরেজ সিস্টেম, ইনভার্টারসহ বিভিন্ন সমাধান দেখানো হচ্ছে। ওয়ালটনের বর্তমান পণ্যতালিকায় সানবাইটের ৩০০ ওয়াট, ৫০০ ওয়াট ও এক হাজার  ওয়াট এনার্জি স্টোরেজ সিস্টেমের পাশাপাশি ৩ কিলোওয়াট/২ দশমিক ৫৬ কিলোওয়াটঘণ্টা এবং ৬ কিলোওয়াট/১০ দশমিক ২৪ কিলোওয়াটঘণ্টা ক্ষমতার সিস্টেম রয়েছে।

আবাসিক ভবন, অফিস কিংবা ছোট ব্যবসাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারের ধরন বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে শুধু সৌর প্যানেল বসানো নয়, উৎপাদিত বিদ্যুৎ কীভাবে সংরক্ষণ করে প্রয়োজনের সময়ে ব্যবহার করা যাবে—সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই জায়গাতেই সানবাইটের এনার্জি স্টোরেজ সিস্টেম ও হাইব্রিড ইনভার্টারকে সামনে আনছে ওয়ালটন।

ওয়ালটনের তথ্য অনুযায়ী, সানবাইট এনার্জি স্টোরেজ সিস্টেম ৬ কিলোওয়াট/১০ কিলোওয়াটঘণ্টা মডেলে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এতে ইনভার্টার, ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং চার্জার ও এসি চার্জার সমন্বিতভাবে রয়েছে। একই সঙ্গে গ্রিড ও সোলার—দুই উৎস থেকেই চার্জ নেওয়ার সুবিধা রয়েছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এই মডেলের ব্যাটারি ৬ হাজারের বেশি চার্জ-ডিসচার্জ সাইকেলের জন্য নকশা করা এবং ব্যাটারির জন্য পাঁচ বছর ও ইনভার্টারের জন্য তিন বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে।

সানবাইটের ছোট আকারের এনার্জি স্টোরেজ সিস্টেমও আবাসিক ব্যবহারের জন্য তুলে ধরা হচ্ছে। যেমন এক হাজার ওয়াটের এনার্জি স্টোরেজ সিস্টেমে ২ কিলোওয়াটঘণ্টা ব্যাটারি ক্যাপাসিটি, এসি ও ডিসি—দুই ধরনের লোড পরিচালনার সুবিধা এবং এসি ও ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং সোলার চার্জিং ব্যবস্থা রয়েছে। ফলে বিদ্যুৎ চলে গেলে ব্যাকআপের পাশাপাশি সৌরবিদ্যুৎ ব্যবহার করে ব্যাটারি চার্জ করার সুযোগও থাকছে।

মেলায় ব্যাটারি ও এনার্জি সল্যুশন নিয়ে কথা বলতে গিয়ে ওয়ালটনের ব্যাটারি গবেষণা ও উদ্ভাবন বিভাগের রায়ান মো. মঈনউদ্দিন বলেন, আবাসিক ও বাণিজ্যিক বিদ্যুৎ ব্যবস্থায় এখন শুধু ব্যাকআপ নয়, দীর্ঘস্থায়ী ও স্মার্ট এনার্জি স্টোরেজের চাহিদা বাড়ছে। সেই চাহিদা বিবেচনায় ব্যাটারির সক্ষমতা, নিরাপত্তা, দীর্ঘমেয়াদি ব্যবহার এবং সোলারের সঙ্গে সমন্বয়— এসব বিষয়কে গুরুত্ব দিয়ে প্রযুক্তি উন্নয়নে কাজ করছে ওয়ালটন।

একই বিষয়ে সিএসডি-ব্র্যান্ড ব্যাটারি বিভাগের শাহাদাত হোসেন বলেন, বিদ্যুৎ ব্যবস্থায় নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ার সঙ্গে এনার্জি স্টোরেজের প্রয়োজনও বাড়ছে। বিশেষ করে সৌরবিদ্যুৎ দিনের বেলায় উৎপাদিত হলেও সন্ধ্যা ও রাতে এর ব্যবহার নিশ্চিত করতে কার্যকর ব্যাটারি স্টোরেজ গুরুত্বপূর্ণ। সানবাইটের মতো সমাধান এ ক্ষেত্রে আবাসিক ও ছোট বাণিজ্যিক গ্রাহকদের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে।