৬৫০ ড্রোন দিয়ে মস্কোয় ইউক্রেনের বড় হামলা

৬৫০ ড্রোন দিয়ে মস্কোয় ইউক্রেনের বড় হামলা

ছবিঃ সংগৃহিত।

রাশিয়ার রাজধানী মস্কো লক্ষ্য করে রাতভর ইউক্রেনের চালানো ড্রোন হামলার চেষ্টা গত দুই বছরের মধ্যে অন্যতম বড় ছিল। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিনের দেওয়া তথ্যের ভিত্তিতে এ হিসাব করেছে রুশ বার্তা সংস্থা তাস।

মেয়র সোবিয়ানিন জানান, ৫ অক্টোবর রাত ৮টা থেকে ৬ অক্টোবর ভোর ৫টা পর্যন্ত মস্কো অঞ্চলের দিকে ৬৫০টি ড্রোন এগিয়ে আসে। এর বেশির ভাগই দূরপাল্লায় আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়। মস্কোর কাছে পৌঁছানোর সময় আরও ১০৫টি ড্রোন ধ্বংস করা হয়েছে।

এর আগে ১৯ সেপ্টেম্বর রাত থেকে ২০ সেপ্টেম্বর সকাল পর্যন্ত মস্কো লক্ষ্য করে সবচেয়ে বড় ড্রোন হামলা হয়েছিল। ওই সময় ১ হাজার ৬০০টির বেশি ড্রোন ধ্বংস করার কথা জানান সোবিয়ানিন। এর মধ্যে মস্কোর কাছে ধ্বংস করা হয় ৪৫০টি ড্রোন।

এ ছাড়া ১৫ আগস্ট সন্ধ্যা থেকে ১৬ আগস্ট ভোর সাড়ে ৬টা পর্যন্ত মস্কোর দিকে ৬০০টি ড্রোন এগিয়ে আসে। এর মধ্যে মস্কো অঞ্চলে ২০১টি ড্রোন ধ্বংস করা হয়।

আর ২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ৩ সেপ্টেম্বর দুপুর পর্যন্ত মস্কো অঞ্চলের দিকে ৫৪৮টি ড্রোন এগিয়ে আসে। সোবিয়ানিনের তথ্য অনুযায়ী, বেশির ভাগ ড্রোন দূরপাল্লায় ধ্বংস করা হয়। মস্কো শহরের কাছে পৌঁছানোর সময় আরও ১৪৩টি ড্রোন ধ্বংস করা হয়।