দক্ষিণ কোরিয়ায় ভর্তি পরীক্ষায় নকল ধরিয়ে দিলে ৯৩ লাখ টাকা পুরস্কার

দক্ষিণ কোরিয়ায় ভর্তি পরীক্ষায় নকল ধরিয়ে দিলে ৯৩ লাখ টাকা পুরস্কার

ফাইল ছবি

দক্ষিণ কোরিয়ায় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় নকলের তথ্য দিলে সর্বোচ্চ ৭৫ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৩ লাখ ১৩ হাজার টাকা) পুরস্কার দেওয়ার ঘোষণা পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং। চলতি সপ্তাহে অনুষ্ঠিত দেশটির গুরুত্বপূর্ণ ‘কলেজ স্কলাস্টিক অ্যাবিলিটি টেস্ট’ (সিএসএটি)-এ অসদুপায় অবলম্বনের সুনির্দিষ্ট প্রমাণ দিতে পারলে এ পুরস্কার পাওয়া যাবে।

শনিবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট লি জানান, পুরস্কারের কোনো নির্দিষ্ট সীমা থাকবে না। কোনো ব্যক্তি একাধিক নকলের ঘটনা ফাঁস করতে পারলে প্রতিটি অতিরিক্ত ঘটনার জন্য আরও ১০ কোটি ওন করে পুরস্কার বাড়ানো হতে পারে।

যারা নিজেরা পরীক্ষায় নকলের কথা স্বীকার করে সংশ্লিষ্ট অন্যদের তথ্য দেবেন, তাদের নিজেদের অপরাধের শাস্তি কমিয়ে দেওয়া হবে। তবে শাস্তি কমলেও তারা পূর্ণ পুরস্কারের অর্থ পাওয়ার যোগ্য থাকবেন।

প্রেসিডেন্ট লি জে মিয়ং বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় নকল করা সরকারি কর্মকর্তাদের দুর্নীতির মতোই গুরুতর অপরাধ। এ ধরনের অপরাধে জড়িতদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়া হবে।

তিনি উল্লেখ করেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের মাধ্যমে লাখ লাখ পরীক্ষার্থীর সারা জীবনের পরিশ্রম ও প্রস্তুতিকে ধ্বংস ও ক্ষতিগ্রস্ত করা হয়।

দক্ষিণ কোরিয়ার জাতীয় পরীক্ষা ‘সিএসএটি’ দেশটির শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার ফলাফলের ওপর উচ্চশিক্ষার সুযোগ অনেকাংশে নির্ভর করে।