পরোটা বিতর্কে মুখ খুললেন মুকিত

পরোটা বিতর্কে মুখ খুললেন মুকিত

ছবিঃ সংগৃহিত।

রাত ৪টায় ১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে পরোটা ও মাংস খাওয়ার আবদার এবং অসুস্থ স্ত্রীকে দিয়ে তা তৈরি করানোর ঘটনা বলার পর সমালোচনার মুখে পড়েছেন মডেল ও অভিনেতা মুকিত জাকারিয়া। তবে অভিনেতার দাবি, তার বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপন করে বিতর্ক তৈরি করা হয়েছে।

সমালোচনার বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে মুকিত বলেন, ‘এগুলা সব বাড়াবাড়ি! আমার মন্তব্য কাটিং করেছে। কথা তো এরকম ছিল না।’

ঘটনাটি নিয়ে সমালোচনার কারণে মানসিকভাবে চাপে থাকার কথাও জানিয়েছেন মুকিত। তিনি বলেন, ‘আমি আসলে মেন্টালি খুব ডিস্টার্ব আছি। রাতে ঠিকমতো ঘুমাতেও পারিনি।’

ভক্তদের প্রতিক্রিয়ায় আক্ষেপ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘ভক্তরা আমাকে খুবই ভালোবাসে। কিন্তু হঠাৎ করে এভাবে কেন সমালোচনা করছেন বুঝতে পারছি না। দেখি আমি চ্যানেলে কথা বলব।’

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে স্ত্রীকে নিয়ে ওই ঘটনাটি বলেন মুকিত। এরই মধ্যে সাক্ষাৎকারের ৯ মিনিট ২৩ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওর ৬ মিনিট ২৪ সেকেন্ডের দিকে মুকিতকে জিজ্ঞেস করা হয়, গভীর রাতে শুটিং শেষ করে বাসায় ফিরলে তখনও কি তার স্ত্রী গরম ভাত নিয়ে বসে থাকেন? জবাবে অভিনেতা বলেন, ‘একশ পার্সেন্টে বসে থাকে।’

এরপর নিজের একটি অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, নরসিংদীতে শুটিং শেষে প্রচণ্ড শীতের মধ্যে ভোর ৪টার দিকে বাসায় ফিরেছিলেন। সে সময় তার স্ত্রীর ১০২-১০৩ ডিগ্রি জ্বর ছিল। এরপর স্ত্রীকে নিজের ক্ষুধার কথা জানিয়ে পরোটা খেতে চান তিনি। মুকিতের ভাষ্য অনুযায়ী, অসুস্থতার কথা না বলে তার স্ত্রী গরম পরোটা ও মাংস তৈরি করে তাকে খাওয়ান।

মুকিতের এই বক্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। অসুস্থ স্ত্রীকে দিয়ে গভীর রাতে খাবার তৈরি করানোর বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন অনেকে।

অন্যদিকে, দীর্ঘ ২৬ বছর ধরে সংসার টিকিয়ে রাখার রহস্য জানতে চাইলে মুকিত বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে বোঝাপড়া ও পারস্পরিক সম্মান থাকা জরুরি। তার মতে, একজনের প্রতি অন্যজনের সম্মান থাকলে যেকোনো সংসার দীর্ঘস্থায়ী হতে পারে।