মেসির বিদায়ী ম্যাচে আবেগে ভাসলেন বাংলাদেশের তারকারা

মেসির বিদায়ী ম্যাচে আবেগে ভাসলেন বাংলাদেশের তারকারা

ছবিঃ সংগৃহিত।

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে শেষ হয়েছে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের এই অধ্যায়। বিদায়ী ম্যাচেও নিজের চেনা ছন্দে ছিলেন মেসি—করেছেন এক গোল, সঙ্গে ছিল দুটি অ্যাসিস্ট।

মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচের আবেগ ছুঁয়ে গেছে বিশ্বজুড়ে তার কোটি ভক্তকে। বাদ যাননি বাংলাদেশের তারকারাও। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় ফুটবলারের বিদায়ী মুহূর্ত নিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন ঢাকাই সিনেমা ও ছোট পর্দার জনপ্রিয় তারকারা।

চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা মেসির বিদায় নিয়ে লিখেছেন, ‘জীবনের সব দুঃখ এক পাশে, আর অন্য পাশে মেসিকে হয়তো শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে দেখতে পাওয়ার বেদনা!’

চিত্রনায়িকা পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির বিদায়কে একটি যুগের সমাপ্তি হিসেবে উল্লেখ করেছেন। আবেগঘন পোস্টে তিনি লিখেছেন, ‘আজকের এই ম্যাচ শুধু একটা ম্যাচ নয়… আজ একটা যুগের শেষ অধ্যায়। যে জার্সিটাকে মেসি নিজের স্বপ্ন, গর্ব আর জীবনের অংশ বানিয়েছিলেন, আজ সেই আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন আমাদের প্রিয় ১০ নম্বর। কত রাত জেগে তার খেলা দেখেছি, কত গোলের পর চিৎকার করেছি, কত হারের পর কেঁদেছি—সবকিছু আজ চোখের সামনে ভেসে উঠছে।’

পরীমনি আরও লিখেছেন, ‘২০২২-এর সেই বিশ্বকাপ ট্রফি হাতে মেসিকে দেখার আনন্দটা হয়তো কোনোদিন ভুলতে পারব না। আজ স্কোরলাইন যাই হোক, জয়-পরাজয় এখানে আর গুরুত্বপূর্ণ নয়। আজ শুধু চাই, শেষবারের মতো নীল-সাদা জার্সিতে তাকে মন ভরে দেখতে। বিদায় নয়, লিও তুমি তো ফুটবলের ইতিহাসে থেকে যাবে। আর্জেন্টিনার জার্সি বদলাবে, প্রজন্ম বদলাবে, কিন্তু ১০ নম্বরের গল্পটা কখনো শেষ হবে না। ভালোবাসা প্রিয়।’

মেসির বিদায়ী ম্যাচে আবেগ প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদও। তিনি লিখেছেন, ‘আমাদের সোনালি যুগের জাদুকর, তোমার যাত্রা শেষ হলেও আমাদের স্মৃতিতে তুমি থাকবে আজীবন! শেষবারের মতো আরও একবার লিওনেল মেসি।’