গাইবান্ধায় সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

গাইবান্ধায় সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

প্রতীকী ছবি।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা ও মারধরে জহুরুল ইসলাম (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের চক মাকরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জহুরুল ইসলাম ওই গ্রামেরই বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী জিহাদ আকন্দ ও তার পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জহুরুল ইসলামের জমি ও সীমানা নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে জিহাদ আকন্দ তার লোকজনকে নিয়ে বিরোধপূর্ণ জমিতে সীমানা প্রাচীর নির্মাণ শুরু করেন। এ সময় জহুরুল ইসলাম আগে জমি সঠিকভাবে মাপজোখ করে সীমানা নির্ধারণের অনুরোধ জানিয়ে প্রাচীর নির্মাণে বাধা দেন।

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষ জিহাদ আকন্দ ও তার লোকজন জহুরুল ইসলামের ওপর চড়াও হয়ে তাকে কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন এবং একপর্যায়ে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।   

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি মাহফুজ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।