নতুন সাজে মুগ্ধতা ছড়ালেন পূর্ণিমা
ছবিঃ সংগৃহিত।
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। একসময় রোমান্টিক সিনেমার নায়িকা হিসেবে তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। ‘মনের মাঝে তুমি’, ‘হৃদয়ের কথা’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ ও ‘ভালোবাসার লাল গোলাপ’সহ বেশ কিছু সিনেমায় তার অভিনয় এখনো দর্শকদের মনে দাগ কেটে আছে।
অভিনয়ের পাশাপাশি সৌন্দর্য ও রুচিশীল সাজের কারণেও ভক্তদের নজর কাড়েন পূর্ণিমা। শাড়িতে বাঙালিয়ানার ছোঁয়া হোক কিংবা আধুনিক সাজ—যেভাবেই হাজির হন, তার উপস্থিতি আলাদা করে নজর কাড়ে।
সম্প্রতি জামদানি শাড়িতে সাজা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এই অভিনেত্রী। ছবিতে তাকে দেখা গেছে বাঙালি নারীর চিরচেনা সাজে। পরনে নান্দনিক জামদানি শাড়ি, খোঁপায় বেলি ফুলের মালা। ঐতিহ্যবাহী এই সাজে পূর্ণিমার সৌন্দর্যে ফুটে উঠেছে স্নিগ্ধতা ও আভিজাত্যের মিশেল।
ছবিগুলোর সঙ্গে পূর্ণিমা লিখেছেন, ‘জামদানির আবহ আর কখনো পুরোনো না হওয়া সৌন্দর্য...।’ ছোট্ট এই বাক্যেই নিজের সাজের অনুভূতি প্রকাশ করেছেন অভিনেত্রী।
এবারের সাজে পূর্ণিমা অতিরিক্ত চাকচিক্যের বদলে জামদানির ঐতিহ্য আর খোঁপায় ফুলের সরল সৌন্দর্যকে প্রাধান্য দিয়েছেন। এতে তার পুরো সাজে তৈরি হয়েছে মায়াবী ও নান্দনিক এক আবহ।
ছবিগুলো প্রকাশের পর পূর্ণিমার ভক্তদের অনেকেই মুগ্ধতা প্রকাশ করেছেন। বাঙালি ঐতিহ্যের সঙ্গে নিজের সৌন্দর্যকে মিলিয়ে অভিনেত্রীর এই সাজ আবারও মনে করিয়ে দিয়েছে, সময় বদলালেও জামদানির আবেদন কখনো পুরোনো হওয়ার নয়।