শাহরুখের যে উপদেশে পাল্টে যায় অভিষেকের জীবন

শাহরুখের যে উপদেশে পাল্টে যায় অভিষেকের জীবন

ফাইল ছবি

ক্যারিয়ারে একাধিক সিনেমায় অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন শাহরুখ খান। অভিষেক বচ্চনের সঙ্গেও দেখা গেছে। শাহরুখের আসন্ন ‘কিং’ সিনেমায়ও থাকার কথা বচ্চন জুনিয়রের। এরমধ্যে অভিষেক জানালেন কিং খানের একটি পরামর্শ পাল্টে দিয়েছিল তার ক্যারিয়ার।

সম্প্রতি বিবিসি এশিয়ার নেটওয়ার্ককে এক সাক্ষাৎকার দেন অভিষেক। সেখানে ছোটবেলার কথা তোলেন। জানান, সে সময় রোববার মানেই ছিল আদিত্য চোপড়ার বাড়িতে ক্রিকেট খেলা। অভিষেকের সঙ্গী ছিলেন উদয় চোপড়া, হৃত্বিক রোশন, সিকান্দার খের। মাঝেমধ্যে শাহরুখও যোগ দিতেন।

খেলার সুবাদে বন্ধুত্ব গড়ে উঠতে সময় লাগেনি। অভিষেকের সমবয়সীরা বড় ভাই সম্বোধন করতেন বাদশাহকে। ক্যারিয়ায়র গড়ে তোলার পরামর্শ চাইতেন। অভিষেকও ব্যতিক্রম ছিলেন না। শাহরুখের কাছে একবার জানতে চেয়েছিলেন, তার প্রিয় সিনেমা কোনটি? শাহরুখ বলেছিলেন, ‘আমার প্রিয় সিনেমা হলো যেটি আমি এখন করছি। এই ছবিটি যদি আমার প্রিয় চলচ্চিত্র না হয় তাহলে আমি এটি করছি কেন? আমি এখন যে প্রজেক্টে কাজ করছি সেটাই আমার প্রিয় হতে হবে। অতীতে যেটা ঘটেছে সেটা অতীত। সেটা নিয়ে আমি চিন্তা করি না। এই মুহূর্তে আমার প্রিয় সিনেমা সেটাই।’

শাহরুখের এই মন্তব্য বলিউডে এগিয়ে যেতে সাহায্য করে অভিষেককে। পেছনের ব্যর্থতাকে মাথায় না রেখে সামনের পথ নিয়ে ভাবাই যে আসল কাজ সেটি শিখেছিলেন শাহরুখের থেকে। সেইসঙ্গেও জানিয়েছেন সেসময় নিজের অনেক সিনেমায় অভিষেককে সুযোগ করে দিয়েছেন কিং খান।