কুড়িগ্রামে দুর্গাপূজা উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা

কুড়িগ্রামে দুর্গাপূজা উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

এ সভায় জানানো হয়, এ বছর জেলার ৯টি উপজেলায় মোট ৫৬৬টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত অনুষ্ঠিত হবে।প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। 
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক  বলেন, প্রতিটি মন্ডপে আইনশৃঙ্খলা নিশ্চিত করার পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ,পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে বিশেষ নজরদারি থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রতিটি পূজামন্ডপে স্থানীয় সেচ্ছাসেবকদের নিয়ে সমন্বিত মনিটরিং টিম কাজ করবে। যে কোনো ধরণের গুজব কিংবা উসকানিমূলক কর্মকান্ড প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।

এসময় আরো অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-ই-খুদা, অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান,জেলা জামায়াতের আমির অধ্যাপক আজিজুর রহমান স্বপন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু প্রমুখ।
সভায় জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।