কাশ্মীরে স্থানীয় জঙ্গি নেই, সক্রিয় সবাই বিদেশি: অমিত শাহ
ছবিঃ সংগৃহীত।
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে আর কোনো স্থানীয় জঙ্গি অবশিষ্ট নেই এবং বর্তমানে সক্রিয় সবাই বিদেশি বলে দাবি করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শুক্রবার (২০ নভেম্বর) অরুণাচল প্রদেশের বান্দরদেওয়ায় পুলিশের এক অনুষ্ঠানে তিনি জানান, সাম্প্রতিক সংঘর্ষে লস্কর-ই-তইবার সঙ্গে যুক্ত শেষ পরিচিত স্থানীয় জঙ্গি নিহত হয়েছেন। সিআরপিএফ শিবিরে হামলার পর অভিযানে লস্কর সদস্য লতিফ বাট ও তার সঙ্গী নিহত হওয়ার পর এই মন্তব্য করেন তিনি। লতিফকে সর্বশেষ বড় স্থানীয় জঙ্গি হিসেবে ধরা হচ্ছিল।
২০১৯ সালে বিশেষ সাংবিধানিক মর্যাদা রদের প্রসঙ্গ তুলে শাহ বলেন, ওই সিদ্ধান্তের ফলেই স্থানীয় তরুণদের মধ্যে বিচ্ছিন্নতাবাদী মানসিকতা কমেছে এবং তারা জঙ্গিবাদ ছেড়েছে।
তবে বিদেশি জঙ্গিদের তৎপরতা এখনো রয়েছে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দাবি, এসব জঙ্গির অধিকাংশই পাকিস্তানি এবং আইএসআইয়ের সহায়তায় সক্রিয়। পাকিস্তান নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করলেও, নয়াদিল্লি আন্তর্জাতিক মহলে স্থানীয় জঙ্গিদের অনুপস্থিতির বার্তা তুলে ধরতে চাইছে। যদিও কড়া নজরদারির মধ্যেও নিয়ন্ত্রণরেখা পেরিয়ে বিদেশি জঙ্গিদের অনুপ্রবেশ কীভাবে ঘটছে, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে।