ইলিশ ধরায় নিষেধাজ্ঞা, মিরসরাইয়ে ১৫০০ জেলে পেলেন ভিজিএফের চাল
সংগৃহীত ছবি
মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে আজ (৮ অক্টোবর) থেকে দেশের নদ-নদী ও নির্ধারিত অভয়াশ্রমে ইলিশসহ সব ধরনের মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এ নিষেধাজ্ঞা চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত।
নিষেধাজ্ঞার সময়ে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
মিরসরাই উপজেলার নদীপথের সংশ্লিষ্ট এলাকা ও মাছঘাটগুলোতেও এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও উপজেলা টাস্কফোর্স কমিটির পক্ষ থেকে ইতোমধ্যে মাছঘাট, বাজার ও নদীপথে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। একই সঙ্গে নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যাতে মাছ আহরণ করতে না পারে, সে জন্য নদীতে অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
এদিকে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ সফল করতে মিরসরাই উপজেলার বিভিন্ন মাছঘাটে জেলে ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। নিষেধাজ্ঞার ২২ দিন ইলিশ আহরণ থেকে বিরত থেকে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।
মিরসরাই উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ‘২২ দিনের নিষেধাজ্ঞায় ইলিশ আহরণ থেকে বিরত থাকা উপজেলার তালিকাভুক্ত ১ হাজার ৫০০ জেলে পরিবারের প্রত্যেককে সরকারের পক্ষ থেকে ২৫ কেজি করে ভিজিএফের চাল দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার সময়ে জেলেরা যাতে ইলিশ আহরণ থেকে বিরত থাকেন এবং পরিবার নিয়ে কষ্টে না পড়েন, সে জন্য এ খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
’
তিনি আরো বলেন, ‘নিষেধাজ্ঞার সময়ে নদীতে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাছের আড়ত, বাজার ও মাছ পরিবহনের ওপরও নজরদারি থাকবে। মা ইলিশ আহরণ, পরিবহন, মজুদ ও বিক্রির সুযোগ কাউকে দেওয়া হবে না।’