কুমিল্লায় প্রতিবাদের মুখে তাহেরীর মাহফিল বন্ধ
হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের প্রতিবাদ। ছবি: সংগৃহীত
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার অলিরবাজারে হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের প্রতিবাদের মুখে ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর পূর্বনির্ধারিত একটি মাহফিল বন্ধ করে দিয়েছে পুলিশ।
প্রশাসনের অনুমতি না থাকায় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় আজ শুক্রবার দুপুরে এই সিদ্ধান্ত নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ শুক্রবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার অলিরবাজার এলাকায় গিয়াস উদ্দিন তাহেরীর ওই মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে তাঁর আগমনের খবর ছড়িয়ে পড়লে গতকাল বৃহস্পতিবার থেকেই প্রতিবাদে নামেন স্থানীয় হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা। তাঁরা এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন এবং তাহেরীকে অলিরবাজারে আসতে না দেওয়ার দাবিতে স্থানীয় প্রশাসনকে অবহিত করেন।
পাল্টাপাল্টি অবস্থানের কারণে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে সদর দক্ষিণ মডেল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। একপর্যায়ে প্রশাসনের পূর্বানুমতি না থাকার বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশ মাহফিলটি বন্ধ করে দেয়।
এ বিষয়ে হেফাজতে ইসলাম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইয়াকুব আলী বলেন, প্রশাসনের কোনো ধরনের অনুমতি ছাড়াই এই মাহফিলের আয়োজন করা হচ্ছিল। বিতর্কিত বক্তা গিয়াস উদ্দিন তাহেরীকে কোনোভাবেই অলিরবাজারে অনুষ্ঠান করতে দেওয়া হবে না। তিনি এলে পাল্টা কর্মসূচির মাধ্যমে তা প্রতিহত করা হবে।
অন্যদিকে মাহফিল আয়োজনের বিষয়ে অনড় অবস্থানের কথা জানিয়েছেন তাহেরীর অনুসারী আমির হোসেন। তিনি বলেন, যেকোনো কিছুর বিনিময়ে আমরা তাহেরী হুজুরের প্রোগ্রাম করব।
সার্বিক বিষয়ে জানতে চাইলে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, প্রশাসনের অনুমতি না থাকায় অলিরবাজারে গিয়াস উদ্দিন তাহেরীকে অনুষ্ঠান করতে দেওয়া হচ্ছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক।