নারায়ণগঞ্জে বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জে বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষিত একটি কারখানা খুলে দেওয়া এবং ছাঁটাই বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকরা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে কারখানাটির সামনে থেকে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন তারা।

এর আগে চাষাড়া হয়ে শহরের দুই নম্বার রেলগেইট ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ করেন। একই সাথে তারা জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি প্রদান করেন।

সমাবেশে শ্রমিক নেতাদের অভিযোগ, ইউনাইটেড অ্যাপারেলসের মালিক কর্তৃক শ্রম আইন অমান্য করে প্রত্যেক মাসে শ্রমিকদের বেতন পরিশোধে ঘোরাঘুরি ও বিলম্বে প্রদানসহ কয়েক কিস্তিতে দেয়া তার অভ্যাসে পরিণত হয়েছে। আইন অনুযায়ী শ্রমিকদের প্রাপ্য ছুটি ও অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা করছেন। বিশেষ প্রয়োজনে কোন শ্রমিক একদিন কাজে অনুপস্থিত থাকলে তার তিন দিনের মজুরি কেটে দেন। বিভিন্ন অজুহাতে যাকে তাকে যখন ইচ্ছে খুশি মতো চাকরিচ্যুত করছেন।

কর্মসূচি থেকে বক্তারা অবিলম্বে কারখানা খুলে দেওয়াসহ শ্রমিক ছাঁটাইয়ের নোটিশ প্রত্যাহার করে শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের প্রাপ্য অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবি জানান। অন্যথায় শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি আদায়ে আরও কঠোর আন্দোলন হুঁশিয়ারি দেন তারা।