অস্ট্রেলিয়াকেও চমকে দেওয়া সম্ভব : জ্যোতি

অস্ট্রেলিয়াকেও চমকে দেওয়া সম্ভব : জ্যোতি

সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী দল। নতুন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া সব সময়ই বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ।

 

তবে সেই চ্যালেঞ্জকে ভয় না পেয়ে উপভোগ করতে চান নিগার সুলতানা জ্যোতি। বিশ্বসেরা অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের সামর্থ্য দেখানোর সুযোগ হিসেবেই সিরিজটিকে দেখছেন বাংলাদেশ অধিনায়ক। এমনকি সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে স্বাগতিকদের চমকে দেওয়া সম্ভব বলেও মনে করেন তিনি।

অস্ট্রেলিয়ায় গিয়ে নতুন পরিস্থিতিতে খেলার রোমাঞ্চের কথাও জানিয়েছেন জ্যোতি।

সিরিজের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, ‘অবশ্যই আমরা রোমাঞ্চিত এবং এখানে আসতে পেরে বেশ আনন্দিত। নতুন এবং ভিন্ন পরিস্থিতিতে খেলা সব সময়ই চ্যালেঞ্জিং।’

ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সংস্করণেই বিশ্বের এক নম্বর দল অস্ট্রেলিয়া। তাদের বিপক্ষে খেলতে গিয়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী পুরো দল হিসেবে পারফর্ম করাটাকেই বড় করে দেখছেন জ্যোতি, ‘আমরা বিশ্বাস করি যে দল হিসেবে খেলতে পারলে এবং সামর্থ্য প্রমাণ করতে পারলে যেকোনো কিছু করে চমকে দিতে পারি।

’ 

জ্যোতির মতে, প্রতিপক্ষ কতটা শক্তিশালী তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো নির্দিষ্ট দিনে বাংলাদেশ কিভাবে মাঠে নামছে এবং নিজেদের কতটা মেলে ধরতে পারছে, ‘অস্ট্রেলিয়া সেরা দল, আমরা সবাই তা জানি। তবে আমরা দেখতে চাই যে, কোন মানসিকতা নিয়ে তাদের বিপক্ষে খেলছি। কারণ নির্দিষ্ট দিনটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের খুব ইতিবাচক হতে হবে এবং তাদের বিপক্ষে ইতিবাচক মানসিকতা নিয়ে নামতে হবে।’

বাংলাদেশের স্কোয়াড

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), রিতু মনি, স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, রাবেয়া খান, শারমিন সুলতানা, শারমিন আক্তার, সানজিদা আক্তার, সোবহানা মোস্তারি, সুলতানা খাতুন, দিলারা আক্তার, দিশা বিশ্বাস, ফারজানা হক, মুর্শিদা খাতুন, হাবিবা ইসলাম।

 

সিরিজের সূচি

১ম ওয়ানডে ৯ অক্টোবর, শুক্রবার
২য় ওয়ানডে ১১ অক্টোবর, রবিবার
৩য় ওয়ানডে ১৪ অক্টোবর, বুধবার

* সব ম্যাচ ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে। খেলা শুরু সকাল ৯টা ৫০ মিনিটে।