শ্রীলঙ্কাকে দুই কোটি টাকার যক্ষ্মার ওষুধ দিল ভারত
ছবিঃ সংগৃহীত।
যক্ষ্মা রোগীদের চিকিৎসা অব্যাহত রাখা এবং ওষুধের সংকট মোকাবিলায় শ্রীলঙ্কাকে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেছে ভারত।ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ৭ অক্টোবর কলম্বোয় শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়ে এসব ওষুধ হস্তান্তর করা হয়। শ্রীলঙ্কায় নিযুক্ত ভারতের হাইকমিশনার সন্তোষ ঝা দেশটির স্বাস্থ্য ও গণমাধ্যমমন্ত্রী ডা. নালিন্দা জয়তিসার হাতে ওষুধগুলো তুলে দেন।
এ সময় শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম উপমন্ত্রী ডা. হানসাকা উইজেমুনিও উপস্থিত ছিলেন। শ্রীলঙ্কা সরকারের অনুরোধে এ সহায়তা দিয়েছে ভারত। দেশটির স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় ওষুধ পাঠানোর পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়। ভারতের পাঠানো চালানে প্রায় তিন টন যক্ষ্মার ওষুধ রয়েছে।
এতে ১৫ লাখের বেশি ট্যাবলেট রয়েছে, যার আনুমানিক মূল্য ৫ কোটি ২০ লাখ শ্রীলঙ্কান রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৯৩ লাখ ৮৯ হাজার টাকার সমান।
এসব ওষুধ যক্ষ্মার প্রাথমিক পর্যায়ের চিকিৎসায় ব্যবহার করা হয়। ওষুধগুলো শ্রীলঙ্কার রোগীদের চিকিৎসা চালু রাখা এবং সরবরাহের ঘাটতি মোকাবেলায় সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। এর আগে চলতি বছরের আগস্টে ডেঙ্গু মোকাবেলায় শ্রীলঙ্কাকে ৫০০ লিটার ম্যালাথিয়ন কীটনাশক দিয়েছিল ভারত।
শ্রীলঙ্কা সরকারের অনুরোধে এ সহায়তা দেওয়া হয়। স্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সহযোগিতা রয়েছে। হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ, ওষুধ ও চিকিৎসার সরঞ্জাম সরবরাহ এবং স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ ও দক্ষতা বাড়ানোর মতো বিভিন্ন ক্ষেত্রে ভারত সহায়তা দিয়ে আসছে।
এ ছাড়া জরুরি পরিস্থিতি ও দ্রুত চিকিৎসাসহায়তার প্রয়োজন হলেও শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছে ভারত।