নগরকান্দায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি
প্রতিকি ছবি
ফরিদপুরের নগরকান্দায় রামনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ফকিরের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশ পরা ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোটরসাইকেল ও মোবাইল ফোন লুট করে নিয় গেছে। পরিবারের দাবি, লুট হওয়া মালামালের মূল্য প্রায় ২৫ লাখ টাকা।
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত আনুমানিক পৌনে ২টার দিকে নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রামের পশ্চিমপাড়ায় আব্দুল কুদ্দুস ফকিরের বাড়িতে এ ঘটনা ঘটে।
আব্দুল কুদ্দুস ফকির বলেন, গভীর রাতে ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র ডাকাত দল বাড়ির গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে তাঁকেসহ পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে লুটপাট চালায়। এ সময় ডাকাতেরা ঘরে থাকা নগদ ৪২ হাজার টাকা, ৯ ভরি স্বর্ণালঙ্কার, দুটি মোবাইল ফোন ও একটি পালসার মোটরসাইকেল নিয়ে যায়।
তিনি বলেন, ডাকাত দলের অধিকাংশ সদস্যের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে বলে তাঁর ধারণা। তাদের কাছে পিস্তল ও দেশীয় অস্ত্র ছিল। স্বর্ণালঙ্কার খুঁজতে তারা একধরনের যন্ত্র ব্যবহার করে। এ ছাড়া তালা খোলার জন্য একধরনের পাউডার ব্যবহার করে বলেও দাবি করেন তিনি। সব মিলিয়ে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান আব্দুল কুদ্দুস ফকির।
এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসূল সামদানী আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি।
রবিবার (১১ অক্টোবর) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম।