পাঁচ বছরেও শেষ হয়নি স্কুলের ওয়াশ ব্লকের কাজ, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা

পাঁচ বছরেও শেষ হয়নি স্কুলের ওয়াশ ব্লকের কাজ, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা

ছবি: সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার চরাঞ্চলবেষ্টিত চরজামুরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লক নির্মাণের কাজ প্রায় পাঁচ বছরেও শেষ হয়নি। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলায় কাজটি অসমাপ্ত পড়ে আছে বলে অভিযোগ উঠেছে। এতে টয়লেট ব্যবহার ও পরিচ্ছন্নতা বজায় রাখতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতা সদস্যরা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বারবার যোগাযোগ করেও ওয়াশ ব্লকের নির্মাণকাজ শেষ করাতে পারেননি বলে জানিয়েছেন।

জানা গেছে, ২০২২ সালে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এনএনজিপিএস প্রকল্পের আওতায় চরজামুরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ভবানীপুর, নাওগোদা ও উত্তর শাকতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক নির্মাণের কাজ শুরু হয়। এর মধ্যে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাজ শেষ হয়েছে। তবে চরজামুরাইলসহ অন্য দুটি বিদ্যালয়ের ওয়াশ ব্লকের নির্মাণকাজ এখনো অসমাপ্ত রয়েছে।

চরজামুরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ওয়াশ ব্লকের মূল ভবনের কাজ শেষ হলেও ফিটিংস, বৈদ্যুতিক সংযোগ, রং, বেসিন, বাথরুম, বাইরের প্লাস্টার, পানির সরবরাহ লাইন ও টাইলস বসানোর কাজ বাকি রয়েছে। এমনকি সেপটিক ট্যাংকের ঢাকনাও লাগানো হয়নি।

ওয়াশ ব্লকটি ব্যবহার উপযোগী না হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের পাশের মসজিদের টয়লেট ব্যবহার করতে হচ্ছে। এতে তাঁদের দৈনন্দিন কার্যক্রমে অসুবিধা হচ্ছে।

বিদ্যালয়ের দাতা সদস্য জসিম উদ্দিন বলেন, ওয়াশ ব্লকের কাজ শেষ না হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা বজায় রাখা ও টয়লেট ব্যবহারে ভোগান্তি পোহাতে হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে অভিযোগ দিয়েও এখন পর্যন্ত বাকি কাজ শুরু করা সম্ভব হয়নি।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকসানা আক্তার বলেন, ২০২২ সালে ওয়াশ ব্লকের নির্মাণকাজ শুরু হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান এখনো তা শেষ করেনি। ফলে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা বজায় রাখা ও টয়লেট ব্যবহারে চরম ভোগান্তি হচ্ছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি।

কুমিল্লার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শফিউল হক জানান, তিনি খোঁজ নিয়ে চরজামুরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বাকি দুটি বিদ্যালয়ের ওয়াশ ব্লকের কাজ দ্রুত শেষ করার চেষ্টা করবেন।