এ বছরই আসছে ‘ফেউ’-এর দ্বিতীয় সিজন, থাকছে চমক!
ফাইল ছবি
গত বছরের জানুয়ারিতে মুক্তি পেয়েছিল ওয়েব সিরিজ ‘ফেউ’। তখনই জানানো হয়েছিল, আসবে দ্বিতীয় সিজন। কিন্তু দেড় বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও সেই অপেক্ষার শেষ হচ্ছিল না। অবশেষে জানা গেল, এ বছরই ফিরছে সিরিজটি।
ওটিটি প্ল্যাটফর্ম সূত্রে জানা গেছে, ‘ফেউ’-এর দ্বিতীয় সিজন মুক্তি পাবে ২০২৬ সালেই। সংশ্লিষ্টরা জানিয়েছেন, খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। মুক্তি পেতেও আর খুব বেশি দেরি নেই।
দ্বিতীয় সিজনে দর্শকের জন্য থাকছে বিশেষ চমক। ঢাকা পোস্টকে চরকি কর্তৃপক্ষ জানিয়েছে, এই সিজনেই গল্পের সমাপ্তি ঘটবে। অর্থাৎ, দর্শক এবার কাহিনির পূর্ণাঙ্গ পরিণতি দেখতে পাবেন। তবে দর্শকের সাড়া পেলে ‘ফেউ’-এর আরও সিজন তৈরির পরিকল্পনাও রয়েছে।
১৯৭৯ সালের মরিচঝাঁপি হত্যাকাণ্ডের ছায়া অবলম্বনে সিরিজটি নির্মাণ করেছেন সুকর্ণ সাহেদ ধীমান। প্রথম সিজনে দেশভাগ ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট পেরিয়ে ডুমুরঝাঁপিতে আশ্রয় নেওয়া হিন্দু শরণার্থীদের ওপর নির্যাতন, উচ্ছেদ ও হত্যাকাণ্ডের চিত্র উঠে এসেছিল। সেই ভয়াবহতার সত্য সংবাদমাধ্যমে তুলে ধরতে গিয়ে নিখোঁজ হন রেভেরেন্ড ফটোগ্রাফার সুনীল। দুই যুগ পর বাবার তোলা কিছু ছবির খোঁজ করতে গিয়ে ড্যানিয়েল জানতে পারে, সুনীলের মৃত্যুর যে গল্প প্রচলিত ছিল, তার পেছনে রয়েছে অন্য রহস্য। বাবার প্রকৃত পরিণতি জানতে ড্যানিয়েলের অনুসন্ধান ঘিরেই এগিয়েছে সিরিজটির গল্প।
২০২৫ সালের ৩০ জানুয়ারি চরকিতে মুক্তি পেয়েছিল ‘ফেউ’-এর প্রথম সিজন। সে সময় জানা গিয়েছিল, দুই সিজনের শুটিং হয়েছে একটানা এবং প্রথম সিজন মুক্তির কয়েক মাসের মধ্যেই দ্বিতীয় সিজন প্রকাশের পরিকল্পনা ছিল। তবে সেই পরিকল্পনা অনুযায়ী মুক্তি পায়নি পরের সিজন। দীর্ঘ অপেক্ষার পর এবার অবশেষে মিলল মুক্তির খবর।
সিরিজটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী, মোস্তাফিজুর নূর ইমরান, তাহমিনা অথৈ, তানভীর অপূর্ব, হোসেন জীবন, রিজভি রিজু ও এ কে আজাদ সেতুসহ অনেকে।