ফটোগ্রাফারকে হালান্ড, ‘বান্ধবীর চেয়েও তোমাকে বেশি দেখি’

ফটোগ্রাফারকে হালান্ড, ‘বান্ধবীর চেয়েও তোমাকে বেশি দেখি’

ফাইল ছবি

লিভারপুলের বিপক্ষে ম্যানচেস্টার সিটির দাপুটের জয়ের পর মাঠে মজার এক মুহূর্তের জন্ম দেন আর্লিং হালান্ড। এক টেলিভিশন ক্যামেরাম্যানকে দেখে নরওয়ের এই স্ট্রাইকার মজা করে বলেন, ‘তোমাকে আমার বান্ধবীর চেয়েও বেশি দেখি।’

রবিবার অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুলকে ৩-০ গোলে হারায় ম্যানচেস্টার সিটি। ম্যাচে গোলের সূচনা করেন হালান্ড। জেরেমি ডোকুর শট থেকে আসা বল নিচু শটে জালে পাঠান সিটির এই তারকা।

ম্যাচ শেষে মাঠে হালান্ডের ছবি তুলছিলেন এক ফটোগ্রাফার। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’-এর প্রতিবেদন অনুযায়ী, ফটোগ্রাফার হালান্ডকে বলেন, ‘দারুণ গোল, দারুণ গোল।’

হাসিমুখে হালান্ডের জবাব, ‘তুমি তো সব জায়গায় আছ। তোমাকে আমার বান্ধবী ইসাবেল হাউসেং ইয়োহানসেনের চেয়েও বেশি দেখি।’

হালান্ডের কথা শুনে হেসে ওঠেন ক্যামেরাম্যান। জবাবে তিনি বলেন, ‘আমি জানি, হ্যাঁ।’ এরপর হাসতে হাসতেই ড্রেসিংরুমের দিকে চলে যান সিটির এই নরওয়েজীয় স্ট্রাইকার।