মন্ত্রিসভা বৈঠকে সৌরবিদ্যুৎ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে আলোচনা

মন্ত্রিসভা বৈঠকে সৌরবিদ্যুৎ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে আলোচনা

ছবি: সংগৃহীত

মন্ত্রিসভা বৈঠকে সৌরবিদ্যুৎ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ সোমবার বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি হিসেবে সৌরবিদ্যুতের ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে দেশের জ্বালানি খাতে নবায়নযোগ্য শক্তির ব্যবহার এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়টি গুরুত্ব পায়। এ ছাড়া সরকারের বিভিন্ন দফতরের কার্যক্রম ও উন্নয়নসংক্রান্ত বিষয় নিয়েও বৈঠকে আলোচনা করা হয়।

মন্ত্রিপরিষদের সদস্য ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবগণ এতে অংশ নেন। তবে বৈঠক শেষে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব কেউ কোনো কথা বলেননি। 

এর আগে, গত ৫ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার ২৩তম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সে বৈঠকে দুর্গাপূজার ছুটি পুনর্নির্ধারণ করা হয়। 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ৫ দিনের ছুটি পাবেন। এই ছুটি সমন্বয় করতে আগামী ১৭ অক্টোবর শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়াও ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা করা হয়। প্রতিবছর ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস ও সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।