বৈদ্যুতিক তারে আটকা পড়া পাখি উদ্ধার
ছবি: সংগৃহীত
বিদ্যুতের তারে ঝুলে থেকে একটি শালিক পাখি বেঁচে থাকার লড়াই করছিল। পল্লী বিদ্যুতের কর্মীদের সহায়তায় সেই পাখিটিকে জীবন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে দীর্ঘ সময় ঝুলে থাকার কারণে পাখিটির একটি পা ভেঙে গেছে।
ঘটনাটি ঘটেছে সোমবার সকালে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ফিশ ফ্রাই মার্কেট সংলগ্ন একটি মসজিদের পাশে বিদ্যুতের খুঁটিতে। আহত অবস্থায় পাখিটিকে উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুতের ওই খুঁটিতে পাখিটির পা আটকে যায়। প্রানে বাঁচার খুব করে চেষ্টা চালায়। কোন ভাবেই সেখান থেকে ছুটতে পারছিলনা। বিষয়টি দেখতে পেয়ে মসজিদের ইমাম পাখিটির দুরবস্থার একটি ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি পাঠানো হয় স্থানীয় পরিবেশকর্মী কে এম বাচ্চু’র কাছে। তিনি পাখিটির অবস্থান নিশ্চিত হয়ে দ্রুত কুয়াকাটা পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। তাৎক্ষণিক ঘটনাস্থলে পল্লী বিদ্যুতের কর্মীরা পৌঁছে জীবিত অবস্থায় পাখিটিকে উদ্ধার করে।
স্থানীয় পরিবেশকর্মীরা জানান, দীর্ঘ সময় বিদ্যুতের তারে ঝুলে থাকার যন্ত্রণা থেকে মুক্তি মিললেও শালিকটি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে প্রয়োজন যথাযথ চিকিৎসা ও পরিচর্যা। পাখিটির একটি পা ভেঙে যাওয়ায় তার সুস্থতা নিয়ে উদ্বেগে রয়েছেন তারা। তাদের ধারণা, সৈকতে খাবার খুঁজতে গিয়ে পাখিটির পা ছেঁড়া জালে পেঁচিয়ে যায়। পরে উড়ে গিয়ে বিদ্যুতের তারে বসার সময় জালে আটকে পড়ে শালিকটি।
উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলন কুয়াকাটা উপরা’র আহবায়ক কে এম বাচ্চু জানান, পাখিটিকে উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাওয়া’র পক্ষ থেকে আসাদুজ্জামান মিরাজের নেতৃত্বে এ চিকিৎসার ব্যবস্থা করা হয়। পাখিটি পুরোপুরি সুস্থ হলে অবমুক্ত করা হবে বলে তিনি জানান।