বগুড়ার মহাসড়কে বসে সবজির হাট, তীব্র যানজট ও বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

বগুড়ার মহাসড়কে বসে সবজির হাট, তীব্র যানজট ও বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

ছবি: সংগৃহীত

বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল হাট থেকে প্রতিদিন বিপুল পরিমাণ সবজি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যায়। তবে দেশের অন্যতম এ সবজির হাট বসছে ঢাকা-রংপুর চার লেন মহাসড়কের ওপর। সপ্তাহের প্রতি সোমবার ও বৃহস্পতিবার হাটের দিন সকালে তীব্র যানজটে ভোগান্তিতে পড়ছেন দূরপাল্লার যানবাহনের চালক ও যাত্রীরা। একই সঙ্গে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সরেজমিনে দেখা যায়, মহাসড়কের দুই পাশে সবজিবোঝাই ভ্যান, ভটভটি ও অটোরিকশা দাঁড় করিয়ে চলছে বেচাকেনা। কোথাও কৃষকেরা সড়কের ওপর সবজি নিয়ে বসেছেন। ইজারাদারের লোকজনকেও মহাসড়কের ওপর থেকেই টোল আদায় করতে দেখা যায়। এতে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে যান চলাচল ব্যাহত হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি সোমবার ও বৃহস্পতিবার সকাল থেকে কৃষকেরা এ হাটে সবজি নিয়ে আসেন। কিন্তু হাটের জন্য পর্যাপ্ত নির্ধারিত জায়গা না থাকায় ব্যক্তিমালিকানাধীন জমির পাশাপাশি মহাসড়কের ওপরও কেনাবেচা চলে।

স্থানীয় ইউপি সদস্য তাজুল ইসলাম বেলালের দাবি, গত দুই বছরে নয়মাইল হাট এলাকায় ছোট-বড় মিলিয়ে প্রায় ৫০টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে। দুর্ঘটনার ঝুঁকি কমাতে তিনি ওই এলাকায় মহাসড়কের ওপর উড়ালসড়ক নির্মাণের দাবি জানান।

কাঁচামাল ব্যবসায়ী শাহ আলম বলেন, তিনি বছরজুড়ে এ হাট থেকে সবজি কিনে ঢাকায় নিয়ে বিক্রি করেন। হাটে প্রচুর সবজি এলেও জায়গার অভাবে মহাসড়কের ওপর বেচাকেনা করতে হচ্ছে।

হাটের যানজটে আটকে পড়া বাসচালক নাজমুল হক বলেন, মহাসড়কের ওপর হাট বসায় যান চলাচল কঠিন হয়ে পড়ে। হাটের লোকজন সড়কের মধ্যে চলাচল করেন, আবার কেউ কেউ সেখানেই বসে পড়েন। এতে গাড়ি চলাচল বাধাগ্রস্ত হয়। বৃহস্পতিবারও তাঁকে প্রায় পাঁচ মিনিট ধরে যানজটে আটকে থাকতে হয়েছে বলে জানান তিনি।

নয়মাইল হাটের ইজারাদার শফিকুল ইসলাম শিরু বলেন, হাটের নিজস্ব কোনো জায়গা নেই। এরপরও উপজেলা প্রশাসন দীর্ঘদিন ধরে হাটটি ইজারা দিয়ে আসছে। জায়গার অভাবে বাধ্য হয়ে কিছু সময়ের জন্য মহাসড়কের ওপর হাট বসাতে হচ্ছে।

শাজাহানপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাংলা ১৪৩৩ সালের জন্য নয়মাইল হাট প্রায় ৫১ লাখ ৯২ হাজার ৬০০ টাকায় ইজারা দেওয়া হয়েছে। সর্বোচ্চ দরদাতা হিসেবে ইজারা পেয়েছে শিরু এন্টারপ্রাইজ।

শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ শেখ মোহাম্মদ জাকির হোসেন বলেন, তিনি নতুন দায়িত্বে যোগ দিয়েছেন। নয়মাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় কতজনের মৃত্যু হয়েছে, সে তথ্য তাঁর কাছে নেই। তবে মহাসড়কের ওপর হাট চলতে পারে না। যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাইফুর রহমান বলেন, মহাসড়কের ওপর হাট না বসাতে ইজারাদারকে সতর্ক করা হয়েছে। এ বিষয়ে সাইনবোর্ডও লাগানো হয়েছে।