২ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
প্রতিকি ছবি
নেত্রকোনার মোহনগঞ্জে চেক ডিজঅনার মামলায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক লিটন তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের গ্রেপ্তারিপরোয়ানাভুক্ত আসামি লিটনকে গতকাল বৃহস্পতিবার রাতে পৌর শহরের নওহাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে তাকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন। গ্রেপ্তার লিটন তালুকদার পৌর শহরের নওহাল এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লিটন তালুকদার একটি ব্যাংক থেকে দুই লাখ টাকা ঋণ নিয়েছিলেন। ঋণের বিপরীতে তিনি নিজের ব্যাংক হিসাবের একটি চেক জামানত হিসেবে জমা রাখেন। নির্ধারিত সময় পার হয়ে গেলেও ঋণ পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আদালতে চেক ডিজঅনারের (এনআই অ্যাক্ট) মামলা দায়ের করে। পরবর্তীতে আদালত মামলাটিতে লিটনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, এনআই অ্যাক্টের চেক ডিজঅনার মামলায় লিটন তালুকদারের বিরুদ্ধে আদালতের স্পেশাল গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। পরোয়ানা অনুযায়ী গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।