জয়পুরহাটে হারাবতী মুক্ত স্কাউট গ্রুপের দ্বিতীয় ডে ক্যাম্প অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
‘নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার’ প্রতিপাদ্যে জয়পুরহাটে হারাবতী মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে দ্বিতীয় ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে জয়পুরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে দিনব্যাপী এ ক্যাম্পের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম কাদির, জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, হারাবতী মুক্ত স্কাউট গ্রুপের উপদেষ্টা রবিউল ইসলাম সোহেল ও সংগঠনের সম্পাদক আবুল কাশেম।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে সৎ, সুশৃঙ্খল, দেশপ্রেমিক ও আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজসেবা, মানবকল্যাণ ও দুর্যোগ মোকাবিলায় স্কাউট সদস্যরা সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।
তাঁরা ‘নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার’ বার্তাটি ছড়িয়ে দেওয়ার পাশাপাশি আরও বেশি তরুণকে স্কাউটিং ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান।
দিনব্যাপী এ ক্যাম্পে হারাবতী মুক্ত স্কাউট গ্রুপের বিভিন্ন পর্যায়ের সদস্যরা অংশ নেন।