ঘোড়াঘাটে লুঙ্গির ভাঁজে ইয়াবা, ইউপি সদস্য গ্রেপ্তার
প্রতিকি ছবি
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় লুঙ্গির ভেতর লুকিয়ে রাখা ১৯৮ পিস ইয়াবাসহ জাকিরুল ইসলাম (৩৯) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দনপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জাকিরুল বুলাকীপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য এবং কুলানন্দনপুর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কুলানন্দনপুর বাজারে অভিযান চালায় ঘোড়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) রাজা মিয়ার নেতৃত্বাধীন একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় জাকিরুলকে আটক করা হয়। এ সময় তার পরনের লুঙ্গির ভাঁজ তল্লাশি করে একটি পলিথিনের জিপার প্যাকে রাখা ১৯৮ পিস ইয়াবা জব্দ করা হয়। তবে তার সঙ্গে থাকা অজ্ঞাত ২-৩ জন পালিয়ে যান।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, এ ঘটনায় জাকিরুলসহ পলাতক অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।