দুর্গাপূজার নিরাপত্তায় চুয়াডাঙ্গা-মেহেরপুর সীমান্তে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
ছবি: সংগৃহীত
শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সীমান্তবর্তী ২৪টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
চুয়াডাঙ্গাস্থ ৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানিয়েছেন, ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত বিজিবি সদস্যরা নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও সমন্বিত নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবেন।
৬ বিজিবির পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। তিনি সবাইকে গুজবে কান না দেওয়ার এবং যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানান। পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ নজরে এলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার অনুরোধ জানান।