আমরা সবাই বাংলাদেশি, দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই: প্রতিমন্ত্রী টুকু

আমরা সবাই বাংলাদেশি, দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই: প্রতিমন্ত্রী টুকু

ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টাঙ্গাইলে ব্যক্তিগত অর্থায়নে ২ হাজার ৮০০ দুস্থ সনাতন ধর্মাবলম্বীকে শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ উপহার দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এর মধ্যে ২ হাজার ৫০০ জনকে শাড়ি-পাঞ্জাবি এবং হরিজন সম্প্রদায়ের ৩০০ জনের প্রত্যেককে ২ হাজার টাকা করে দেওয়া হয়।

শুক্রবার (১৬ অক্টোবর) টাঙ্গাইলের শ্রীশ্রী বড় কালীবাড়ি প্রাঙ্গণে উপহার বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়। পরে সদর উপজেলার পোড়াবাড়ি ও সদুল্যাপুরসহ বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে তিনি এসব উপহারসামগ্রী বিতরণ করেন।

শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি। হিন্দুধর্মাবলম্বীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কাজেই ভয়ভীতির কোনো কারণ নেই, আপনারা নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে পূজা উদ্‌যাপন করুন।

উপহার বিতরণ অনুষ্ঠানে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্যামল হোড়, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচএম মাহবুব রেজওয়ান সিদ্দিকী, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, শ্রীশ্রী কালীবাড়ির সভাপতি স্বপন ঘোষসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।