গাজীপুরে স্ত্রী হত্যা মামলায় যুবক গ্রেফতার

গাজীপুরে স্ত্রী হত্যা মামলায় যুবক গ্রেফতার

সংগৃহীত ছবি

গাজীপুরের পূবাইলে স্ত্রী হত্যা মামলার আসামি মেহেদী হাসান মারুফ নামে এক যুবককে কুষ্টিয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার মেহেদী হাসান মারুফ গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানার ৪১ নং ওয়ার্ডের খিলগাঁও এলাকার সাদেক মিয়ার ছেলে। আর নিহত আফসানা আক্তার স্নিগ্ধা (২১) সিটি করপোরেশনের একই ওয়ার্ডের সাতানীপাড়া এলাকার মো. আফসার মিয়ার মেয়ে।

এর আগে, গত ১৯ সেপ্টেম্বর সকালে গাজীপুর সিটি করপোরেশনের ৪২ নং ওয়ার্ডের পূবাইল থানার তালটিয়া মধ্যপাড়ায় ভাড়া বাসা থেকে আফসানা আক্তার স্নিগ্ধা নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ছয় মাস আগে প্রবাসে থাকা অবস্থায় মেহেদী হাসান মারুফের সঙ্গে মোবাইল ফোনে বিয়ে হয় স্নিগ্ধার। পরে দেশে ফিরে কাজির মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন মারুফ। তবে তার পরিবারের সদস্যরা স্নিগ্ধাকে পুত্রবধূ হিসেবে মেনে না নেওয়ায় তারা আলাদা বাসায় বসবাস করছিলেন। এ সময় পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগও পরিবারের সদস্যদের কাছে জানিয়েছিলেন স্নিগ্ধা। 

নিহতের পরিবারের অভিযোগ, গত ১৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে পরদিন সকাল ১০টার মধ্যে যেকোনো সময় বালিশচাপা দিয়ে শ্বাসরোধে স্নিগ্ধাকে হত্যা করা হয়। ঘটনার পর বাসা থেকে পালিয়ে যান মারুফ। এ ঘটনায় নিহতের বাবা মো. আফসার মিয়া বাদী হয়ে জিএমপির পূবাইল থানায় হত্যা মামলা করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শুক্রবার দিবাগত রাত ১টা ২৫ মিনিটের দিকে কুষ্টিয়া সদর এলাকা থেকে মারুফকে গ্রেফতার করেন। 

শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।