চট্টগ্রামে মানবতাবিরোধী অপরাধের মামলা: রিভিউ আবেদন খারিজ

চট্টগ্রামে মানবতাবিরোধী অপরাধের মামলা: রিভিউ আবেদন খারিজ

প্রতীকী ছবি।

জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (১৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। এর আগে গত ১৩ অক্টোবর শুনানি শেষে রিভিউ আবেদনের ওপর আদেশের জন্য দিন ধার্য ছিল। তারই ধারাবাহিকতায় সোমবার এ আদেশ দেন ট্রাইব্যুনাল। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী ও এহসানুল হক সমাজী। প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর অলি মিয়া।

এ মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীসহ ২২ জন আসামি রয়েছেন।

মামলায় তিন অভিযোগ

মামলার ২২ আসামির বিরুদ্ধে ছয়জনকে হত্যা এবং শতাধিক মানুষকে গুরুতর আহত করার অভিযোগসহ মোট তিনটি অভিযোগ আনা হয়েছে।

প্রথম অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে মো. ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যা করা হয়। দ্বিতীয় অভিযোগে ১৮ জুলাই তানভীর সিদ্দিকী, মো. সাইমন ও হৃদয় চন্দ্রকে হত্যার কথা উল্লেখ করা হয়েছে। তৃতীয় অভিযোগে শতাধিক মানুষকে গুরুতর আহত করার অভিযোগ আনা হয়েছে।

২২ আসামি

মামলার আসামিরা হলেন—সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন, রেজাউল করিম, মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমন, আবু ছালেক, এসবারুল হক, এইচ এম মিঠু, নূর মোস্তফা টিনু, জমির উদ্দিন, ইমরান হাসান মাহমুদ, জাকারিয়া দস্তগীর, মহিউদ্দিন ফরহাদ, সুমন দে, আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মোহাম্মদ ফিরোজ ও দেবাশীষ পাল দেবু।

পাঁচ আসামি গ্রেফতার

মামলার আসামিদের মধ্যে বর্তমানে গ্রেফতার রয়েছেন সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মোহাম্মদ ফিরোজ ও দেবাশীষ পাল দেবু।

গত ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই ২২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। পরে গ্রেফতার আসামিরা ওই আদেশ পুনর্বিবেচনার আবেদন করেন। সেই আবেদনের ওপর ১৩ অক্টোবর শুনানি শেষে ১৯ অক্টোবর আদেশের দিন নির্ধারণ করা হয়।