কেরানীগঞ্জে বসতবাড়িতে ভাঙচুর, টাকা ও স্বর্ণালংকার লুট

কেরানীগঞ্জে বসতবাড়িতে ভাঙচুর, টাকা ও স্বর্ণালংকার লুট

সংগৃহীত ছবি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে হামলা, ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এসময় বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে দুলাল (৪৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

রবিবার (১৮ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মো. মোজাম্মেল হোসেন (২৩)।

অভিযোগে মোজাম্মেল হোসেন দাবি করেন, আব্দুল্লাহপুর মধ্যপাড়ার সৈয়দ আলী ও রবিউলদের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে ঘটনার রাতে অভিযুক্ত ব্যক্তিরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাদের বসতবাড়িতে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করেন।

এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়। এ ছাড়া ঘরের আলমারিতে রাখা ৬০ হাজার টাকা ও প্রায় তিন ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়া হয়।

অভিযোগে আরো বলা হয়, মালামাল নিয়ে যাওয়ার সময় বাধা দিলে এবং চিৎকার শুনে মোজাম্মেলের ফুফাতো ভাই দুলাল ঘটনাস্থলে আসেন। এ সময় তাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়।

পরে দুলালকে রক্ষা করতে এগিয়ে এলে অন্যদেরও লাঠিসোটা দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করেন মোজাম্মেল।

তবে অভিযোগ অস্বীকার করে সৈয়দ আলী বলেন, জমি নিয়ে বিরোধের জেরে তাদের সঙ্গে মারামারি হয়েছে। এ ঘটনায় আমরা তাদের বিরুদ্ধে মামলা করেছি। এ কারণে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। আমরা ভাঙচুরের সঙ্গে জড়িত নই।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।