উটের প্রস্রাব দিয়ে ক্যানসারের ওষুধ: যা জানালো সৌদি আরব

উটের প্রস্রাব দিয়ে ক্যানসারের ওষুধ: যা জানালো সৌদি আরব

ছবিঃ সংগৃহীত।

উটের প্রস্রাব থেকে তৈরি উপাদান দিয়ে ক্যানসারের ওষুধ অনুমোদনের খবর নাকচ করেছে সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ (এসএফডিএ)।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ দাবিকে মিথ্যা বলে জানিয়েছে সংস্থাটি।

নিজেদের আনুষ্ঠানিক এক্স অ্যাকাউন্টে দেওয়া বিবৃতিতে এসএফডিএ জানায়, আলোচনায় থাকা পণ্যটি ক্যানসারের ওষুধ হিসেবে অনুমোদিত নয়। এটি একটি ডায়েট সাপ্লিমেন্ট হিসেবে নিবন্ধিত হয়েছে।

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, পণ্যটিতে বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদানের মিশ্রণ রয়েছে, যা শরীরের দৈনন্দিন পুষ্টির চাহিদা পূরণে সহায়তার জন্য তৈরি করা হয়েছে।

এসএফডিএ স্পষ্ট করে জানিয়েছে, পণ্যটির অনুমোদিত ব্যবহার শুধু পুষ্টির ঘাটতি পূরণে খাদ্যসম্পূরক হিসেবে সীমাবদ্ধ। ক্যানসারসহ কোনো রোগের চিকিৎসায় ব্যবহারের অনুমোদন বা স্বীকৃত চিকিৎসাগত দাবি এর নেই।

কর্তৃপক্ষ আরও বলেছে, পণ্যটি ক্যানসারের চিকিৎসায় ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে—এমন খবর সঠিক নয়।